ময়দান আপডেট: ভারতীয় বোলিং আক্রমণের সামনে প্রথম টি-২০ ম্যাচে লজ্জার হার সাউথ আফ্রিকার। কার্যত প্রোটিয়ান ব্যাটিংলাইনকে তাসের ঘরের মতো চুরমার করে দিলেন ভারতীয় বোলাররা। ভারতের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন মাত্র ৭৪ রানের স্কোরে অলআউট হয়ে গেল সাউথ আফ্রিকা। ১০১ রানের বিরাট ব্যবধানে জয় ভারতের। ২ টি করে উইকেট নেন বুমরাহ, অর্শদীপ,বরুণ ও অক্ষর। এদিন টস ভাগ্য সহায় হলেও, ম্যাচের ভাগ্য সাধ দিল না আফ্রিকানদের। পরে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। তাঁদের দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন ব্রেভিস। অন্যদিকে এদিন ব্যাটে-বলে দুই বিভাগেই ধমাকা দেখিয়ে ম্যাচের সেরা হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া।

উল্লেখ্য প্রথম টি-২০ ম্যাচে কটকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান প্রোটিয়ান অধিনায়ক আদিন মার্করাম। তবে এদিন ভারতের ইনিংসের শুরুটা মোটেও ভালো যায় নি। শুরুতেই দ্রুত ৪ রানে শুভমান গিল ও ১২ রানে অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন লুঙ্গি এনগিডি। ফলে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে এরপর অভিষেক শর্মা ও তিলক বর্মা মিলে একটা ভালো পার্টনারশিপ গড়ে তোলেন। বেশ কয়েকটা ভালো বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকান তিলক ও অভিষেক দুইজনেই। তবে ১২ বলে ১৭ রানে অভিষেক শর্মাকে আউট করে দেন সিপামলা। তবে অভিষেক আউট হলেও, তিলক বর্মাকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ানোর প্রয়াস চালান অক্ষর প্যাটেল। কিন্তু তিলক বর্মাকে ২৬ রানে ফিরিয়ে দেন নুঙ্গি এনগিডি। তবে এরপর মাঠে এসে অক্ষরকে সঙ্গে নিয়ে রীতিমতো ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। প্রতি বলেই আক্রমণাত্বক মেজাজে ব্যাট চালাতে থাকেন তিনি।

অন্যদিকে যদিও ২১ বলে ২৩ রানে অক্ষর প্যাটেলকে ফিরিয়ে দেন সিপামলা। এরপর শিবম দুবে মাঠে এসে দুটো পর-পর বাউন্ডারি হাঁকালেও ১১ রানে শিবমকে বোল্ড করে দেন ফেরেরা।

কিন্তু অন্যদিকে সাউথ আফ্রিকান বোলারদের সামনে স্বমহিমায় একের পর এক বড় শট হাঁকাতে থাকেন হার্দিক। নিজের হাফসেঞ্চুরি পার করে মাত্র ২৮ বলে ৫৯ রানে অপরাজিত থেকে যান হার্দিক পান্ডিয়া। তাঁর ইনিংসে ছিল ছয়টা চার ও চারটে ছয়। উল্টোদিকে ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন জীতেশ শর্মা। ৬ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। সাউথ আফ্রিকার হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন নুঙ্গি এনগিডি।

