ময়দান আপডেট: অবশেষে জল্পনার অবসান। মোহনবাগানে মোলিনা অধ্যায়ের সমাপ্তি হতেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কবে সবুজ-মেরুনের অনুশীলনে দেখা যাবে দলের নয়া হেড কোচ সার্জিও লোবেরাকে ! মোহনবাগানের অন্যান্য বিদেশী ফুটবলাররা সহ গোটা দল প্রায় এক সপ্তাহ হয়ে গেল ঘরের মাঠে অনুশীলন সারছে। লাস্ট ফরেনার হিসেবে দলের অনুশীলনে দুইদিন হল যোগদান করেছেন দিমিত্রি পেত্রাতোসও। সোমবার থেকে অনুশীলনে নেমে পড়লেও এদিন পায়ে ফোসকা পড়ার জন্য দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি দিমিত্রি পেত্রাতোস। মাঠে এলেও হালকা জিম করেন। অন্যদিকে, এই পর্বে মোহনবাগান মাঠেই অনুশীলন করছিলেন জেসন কামিংসরা। তবে ভিসা সমস্যার কারণে কলকাতায় আসতে দেরি হচ্ছিল ওড়িশা এফসির প্রাক্তন কোচ তথা সবুজ-মেরুনের নয়া হেডস্যার লোবেরার। কিন্তু অবশেষে মঙ্গলবার রাত ১টা ৫০ মিনিটে অর্থাৎ তখন ঘড়ির কাঁটা অনুযায়ী ১০ তারিখ বুধবার রাত বলাই যায়, সেই সময় কলকাতা বিমানবন্দরে নামেন সার্জিও। আর লোবেরা বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসতেই মেরিনার্সদের উচ্ছ্বাসে ও স্লোগানে কেঁপে ওঠে গোটা বিমানবন্দর চত্বর। ফলে শহরে পা রেখেই সার্জিও লোবেরা বেশ উপলব্ধি করতে পারলেন মোহনবাগানের জনতার প্রত্যাশার পারদটা কতখানি তুঙ্গে। কারণ সবুজ-মেরুন সমর্থকরা কোচ হোক কিংবা দলের তারকা ফুটবলারকে সবাইকে সাদরে যেমন বরণ করে নেন, ঠিক তেমনই দলের রেজাল্ট খারাপ হলে প্রতিবাদের সুর চড়াতেও বেশি সময় নেন না। কারণ মোহনবাগান জার্সির ওজনটা যে বেশ ভারি। ফলে মোহনবাগানের কোচের দায়িত্ব নেওয়ার কাজটা যে বেশ চ্যালেঞ্জিং সেটা খুব ভালো ভাবেই জানেন ভারতীয় ফুটবলের দীর্ঘদিন কোচিং করানো অন্যতম সফল কোচ লোবেরা। পাশাপাশি কলকাতায় পা রেখেছেন লোবেরার সহকারী দেওগ্রাসিয়া মার্কেজও।

যেমনটা জানা গিয়েছে বুধবার মোহনবাগানের অনুশীলনে বিরতি থাকলেও, বৃহস্পতিবার বিকেলে যুবভারতীয় প্রাকটিস গ্রাউন্ডে দলের সমস্ত ফুটবলারদের নিয়ে প্রথম অনুশীলন শুরু করবেন সার্জিও। তবে তিনি আগেই জানিয়েছেন, বর্তমানে মোহনবাগানের যে দল তা গোটা দেশের সমস্ত দলের থেকে সেরা দল। ফলে আপাতত দলের কোনও ফুটবলার পরিবর্তন করার কোনও পরিকল্পনা নেই লোবেরার। মোলিনার দল নিয়েই অনুশীলন করাবেন লোবেরা। কেবলমাত্র দলের সহকারি কোচকেই বদল করা হয়েছে। তাই কলকাতায় পা রেখেছেন লোবেরার সঙ্গে তাঁর সহকারী দেওগ্রাসিয়া মার্কেজ। আইএসএল ফিরলে সবুজ-মেরুনের এই দল নিয়েই লড়াইয়ে নামবেন তিনি। সাম্প্রতি ডুরান্ড কাপ থেকে সুপার কাপে মোহনবাগানের ফলাফল খারাপ হওয়ায় দলের ম্যানেজমেন্ট থেকে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন হোসে মোলিনা। ফলে মোলিনাকে বিদায় জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ফলে এখন দলকে আবার চাঙ্গা করে ট্রফি উপহার দেওয়ার শপথ নিয়েই বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামছেন স্প্যানিস কোচ সার্জিও।


[…] […]