নয়া হেডস্যার লোবেরার সামনে ফাস্ট ডে-তে গুড বয় ইমেজ ফুটবলারদের

সিরিয়াস মুডে লোবেরাকে স্বাগত সবুজ-মেরুনের

0
69

ময়দান আপডেট: নতুন হেডস্যার প্রথম দিন স্কুলে আসলে ঠিক যতটা সিরিয়াস মুডে খুঁজে পাওয়া যায় ছাত্রদের। এযেন তার থেকেও বেশি সিরিয়াস মুডে দিমি-কামিংস-ম্যাকলারেন-শুভাশিসরা। ওড়িশা এফসির অধ্যায় সমাপ্ত করে এই প্রথমবার কলকাতার ক্লাব মোহনবাগানের দায়িত্বে সার্জিও লোবেরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে থেকে যুবভারতী প্রাকটিস গ্রাউন্ডে কোচ লোবেরার নেতৃত্বে প্রথম দিন অনুশীলনে নামার কথা ছিল মোহনবাগান ফুটবলারদের। কিন্তু এদিন দেখা যায় চারটের মধ্যেই মাঠে হাজির সমস্ত ফুটবলাররা। দেখে মনে হল অতিরিক্তই সিরিয়াস মুডে গোটা দল। পাশাপাশি সাড়ে চারটে বাজার মিনিট ১৫ আগেই এসে যান কোচ লোবেরাও।

শুরু বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ সারে মোহনবাগান দল। এরপর কোচ লোবেরা মাঠে নেমে ফুটবলারদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আলোচনা সারেন। তারপর ফুটবলাররা প্রতিদিনের মতো কিছু সময় ফিটনেস ট্রেনিং সারেন। এরপর ফুটবলারদের রুমাল চোরের মতো কিছু মজার গেমস খেলানো হয়। বেশ চনমনে মেজাজে অনুশীলনে এদিন দেখা গেল গোটা দলকে। নতুন কোচের উপস্থিতি দলের ভাবমূর্তিই যেন বদলে দিয়েছে।

এরপর মোহনবাগানের ফুটবলারদের দুটি গ্রুপে ভাগ করে ছোট-ছোট পাস খেলার প্রশিক্ষণ করানো হয়। আর তারপর দুটি দলে ভাগ করে নিজেদের মধ্যে ম্যাচ খেলতে দেখা যায় রবসন-টম-ম্যাকলারেনদের। এদিন বেশি কথা নয়। শুধুমাত্র দলের ফুটবলারদের খেলা দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখলেন লোবেরা। হয়তো প্রথম দিনে বুঝে নিলেন দলের ছেলেদের খেলার ধরন। পরের দিন থেকে কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে সেই ফর্মুলা ফুটবলারদের বুঝিয়ে দেবেন লোবেরা।

তবে তারই মধ্যে দেখা যায় মনবীরের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে সার্জিওকে। আর এদিন অনুশীলন শেষে হাসি মুখেই প্রাকটিস গ্রাউন্ড থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন সার্জিও লোবেরা। মিডিয়ার সামনে প্রথম দিন কোনও মুখ খুলতে চাননি এই তারকা স্প্যানিস কোচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here