ময়দান আপডেট: বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে দেখার জন্য চড়া দামে টিকিট কিনেও, এক ঝলকের জন্যও মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র ফুটবলের মক্কা যুবভারতী। মেসিকে ঘিরে রেখে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে রাজ্যের নেতা-মন্ত্রী-বিধায়ক থেকে সেলেবরা। ঘিরে রেখেছিল পুলিশও। ফলে যুবভারতীর গ্যালারি থেকে মেসিকে দেখার কোনও সুযোগই পাননি দর্শকরা। উপস্থিত ছিলেন সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বলিউডের বাদশা শাহরুখ খান ও মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে আসার আগেই,১০ মিনিটের মাথায় মেসিকে মাঠ থেকে নিয়ে চলে যেতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তেজিত জনতা। চরম বিশৃঙ্খলা শুরু হয় যুবভারতীতে !
মেসিকে দেখতে না পেয়ে গ্যালারি থেকে ছোঁড়া হল চেয়ার,জলের বোতল। হাজার হাজার চেয়ার ও জলের বোতল ঝড়ের গতিতে ধেয়ে আসে মাঠে।

গ্যালারি ভাঙচুর করা হয়। গ্যালারির ব্যারিকেড টপকে কয়েকশো মানুষ ঢুকে পড়েন মাঠের মধ্যে। তার ফলে দর্শকদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান উত্তেজিত জনতা। আহত হন বেশ-কিছু সমর্থক। গ্যারারির সমস্ত চেয়ার ভেঙে তছনছ করে দেওয়া হয়। ছিঁড়ে ছিন্নভিন্ন করে দেওয়া হয় গোলপোস্টেও জালও। চরম অরাজকতার ছবি ধরা পড়ল যুবভারতীতে। তার জেরে কলকাতায় বাতিল মেসির সমস্ত অনুষ্ঠান। মেসিকে দ্রুত বার করে নিয়ে যাওয়া হয় এয়ারপোর্টে। এককথায় গোটা বিশ্বের পক্ষে বাংলার ফুটবলের চরম লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী থাকল এদিন।

আর এই ঘটনায় হাজার-হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে দেখতে না পাওয়ায়, প্রতিবাদে স্টেডিয়াম ভাঙচুর থেকে রাস্তায় প্রতিবাদে নামেন সমর্থকরা। আর এই ঘটনায় আয়োজক সংস্থার প্রধান শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয় এয়ারপোর্ট থেকে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হবে শতদ্রু দত্তকে। না হলে একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হবে কড়া হুঁশিয়ারি পুলিশের।
গ্রেফতার শতদ্রু দত্ত, টিকিটের টাকা ফেরত দিলেই কি দর্শকদের ক্ষোভ মিটে যাবে?

