ময়দান আপডেট: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই আবুধাবিতে আয়োজিত হতে চলেছে ২০২৬ সালের আইপিএলের মেগা নিলাম। সমস্ত দলেরই লক্ষ্য থাকবে বিশ্বের সেরা তারকাদের নিজেদের দলে তুলে নেওয়া। আর সেই লক্ষ্য নিয়েই এবার হাইভোল্টেজ মেগা নিলামের ফাইটে নামবেন সমস্ত দলের কর্ণধাররা। তবে এইবারের আইপিএলের মেগা নিলামে অন্যতম চমক দিতে পারেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোরের দল কলকাতা নাইট রাইডার্স। কারণ তাঁদের ঝুলিতে রয়েছে সর্বাধিক ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা। যা ১০ টি ফ্রাঞ্চাজি দলের অর্থমূল্যের মধ্যে সর্বাধিক। আর ১০ টি দল মিলিয়ে মোট ২৩৭ কোটি টাকা রয়েছে মেগা নিলামে। গত মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বিরাটের আরসিবি। তবে এখনও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ধোনির চেন্নাই, তিনবার নাইট রাইডার্স। অথচ গত কয়েকটা মরসুম ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। আর নাইট রাইডার্স তারাও ২০২৫ সালের আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল। চেন্নাই করেছিল আট নম্বরে। পরিস্থিতি যা, তাতে আইপিএলের দুই সফল টিমের ভালো করে টিম তৈরি করা ছাড়া কোনও উপায় নেই।

২০২৬ সালের আইপিএলে দলে একটা বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেকেআর। কারণ তাদের ১৩ ক্রিকেটার (৬ বিদেশি) নিতে হবে। দলে একজন বিদেশি ওপেনার প্রয়োজন। পাশাপাশি অধিনায়কও বদল করতে পারে কেকেআর। আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ায় এক বিদেশি অলরাউন্ডারের খোঁজ করতে হবে শাহরুখ খানদের। তাদের নজরে থাকছে- ক্যামেরন গ্রিন, বেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, সরফরাজ় খান, কুইন্টন ডি’কক, জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, মাথিসা পাথিরানা, ম্যাট হেনরি।
মাহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের পকেটে রয়েছে নিলামে দ্বিতীয় সর্বাধিক অর্থ। যা ৪৩ কোটি ৪০ লক্ষ টাকা। তবে মনে করা হচ্ছে আজ নিলামের শুরুর দিকেই অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে পেতে ঝাঁপাতে পারে কেকেআর ও চেন্নাই দুই দলই। তবে চেন্নাইয়ের জায়গা ফাঁকা রয়েছে ৯ ক্রিকেটার (৪ বিদেশি)। মিডল অর্ডারে দু’জন ব্যাটার প্রয়োজন চেন্নাইয়ের। রবীন্দ্র জাডেজা ও স্যাম কারেন না থাকায় অলরাউন্ডার দরকার তাদেরে। পাশাপাশি এক বিদেশি স্পিনার ও বিদেশি পেসার নেওয়ার দিকেও নজর থাকবে ধোনিদের। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথও কেকেআর ও চেন্নাই দুই ফ্র্যাঞ্চাইজির আগ্রহের বিষবস্তু হতে পারেন। কুইন্টন ডি’ককে নিলামের আগে ছেড়ে দিয়েছে কেকেআর। তাদের ভালো বিদেশি কিপার-ব্যাটার প্রয়োজন। যা প্রয়োজন, চেন্নাইয়েরও।

তবে বিশেষ ভাবে উল্লেখ্য আইপিএলের নিলামের প্রাথমিক তালিকাতেও রাখা হয়নি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের নাম। তবে শেষবেলায় তালিকায় রাখা হয়েছে অভিমন্যুকে। তাঁর ন্যূনতম দাম রাখা হয়েছে ৩০ লাখ টাকা। বিসিসিআই সূত্রে খবর, একটি দলের আগ্রহেই ঈশ্বরণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

