ময়দান আপডেট:দাপুটে জয় দিয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু করল বাংলা। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বরোদাকে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল। ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৭.১ ওভারেই। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৫০ রান করেন ওপেনার অভিষেক পোড়েল। অপর ওপেনার করণ লাল ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন, মেরেছেন ১টি চার ও চারটি ছয়। শাকির হাবিব গান্ধী ৪ বলে ৬ ও অভিমন্যু ১৫ বলে ১৬ রান করেন।
এরপর সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদের অবিচ্ছেদ্য জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শাহবাজের ২১ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস সাজানো তিনটি চার ও ২টি ছয় দিয়ে। ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সুদীপ। নিনাদ রাথভা নেন ২ উইকেট।এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়াকে পায়নি বরোদা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বরোদা তোলে ১৮১ রান। সাতে নেমে ভানু পানিয়া তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া ৩০ বলে ৩৯, শিবালিক শর্মা ১৩ বলে ৩২ ও শাশ্বত রাওয়াত ১৭ বলে ২৬ রান করেন। জিতেশ শর্মা ৭ বলে ৪ রানের বেশি করতে পারেননি।
সক্ষম চৌধুরী ৩ ওভারে ২৪ ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩৮ রান খরচ করে দুটি করে উইকেট নেন। মহম্মদ শামি ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। সায়ন ঘোষ ৩ ওভারে ২৭ ও শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২৬ রান দেন, তবে কোনও উইকেট পাননি।
