সৌরভ রায়, প্রতিনিধি
ময়দান আপডেট: ২০২৫ সালের আইপিএলটা মোটেও ভালো যায় নি ধোনির চেন্নাই সুপার কিংসের জন্য। ৮ নম্বরে শেষ করেছে তারা। ফলে হতাশ সিএসকে ম্যানেজমেন্ট। ফলে ২০২৬ সালে আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই। যদিও এবারের আইপিএল নিলামে তাদের দল দেখে কিছুটা চমক লাগলেও, সেটা তারকাখচিত কোনও চমক নয়। বরং কিছু ভারতীয় তরুণ ক্রিকেটারদের চড়া দরে কেনা দেখে অবাক করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কারণ রবীন্দ্র জাদেজার মতো চেন্নাইয়ের কার্যত ঘরের ছেলে অভিজ্ঞ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বিস্মিত করেছে অনেককেই। তার বিকল্প হিসাবে চেন্নাই ম্যানেজমেন্ট নিলামে উত্তর প্রদেশের Slow Left arm Orthodox বোলার ও বাঁ-হাতি ব্যাটসম্যান প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে। পাশাপাশি রাজস্থানের তরুন উইকেটকিপার ব্যাটসম্যান কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস। অনেকে হয়তো বলছেন রবীন্দ্র জাদেজার বিকল্প তৈরি করার জন্যই প্রশান্ত বীরকে দলে নিয়েছে চেন্নাই। আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন প্রতিভা তৈরি করাই মাহির লক্ষ্য।

তবে চেন্নাইয়ের ২০২৬ সালের আইপিএলের দল গঠন দেখে মোটেও খুশি নন স্বয়ং মাহেন্দ্র সিং ধোনির কোচ কেশব ব্যানার্জী। তিনি ময়দান আপডেটকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, চেন্নাই এই মরসুমে কি করবে সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু ৪ বছর পর কি করবে সেটা নিয়েই চিন্তা! এত জুনিয়র ক্রিকেটার নিয়েছে, একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার ধোনি। ফলে দলকে পরিচালনা করতে হবে ধোনিকেই। ফলে ধোনি নিজে কতটা খেলায় মন দিতে পারবে সেটা নিয়েই সন্দেহ। ১৪ কোটি টাকা দিয়ে তরুণ ক্রিকেটারদের দলে নিয়েছে সম্ভবত আগামী ৪ বছর পর দল কি ভাবে পরিচালিত হবে, সেই কথা মাথায় রেখেই তরুণ ক্রিকেটারদের দলে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করেছে চেন্নাই। কারণ প্রশান্ত বীর,কার্তিক শর্মারাই হয়তো আগামী দিনে চেন্নাইয়ের ভবিষ্যৎ হয়ে উঠতে পারে।

তবে জাদেজার মতো দলের ঘরের ছেলেকে শুধুমাত্র ব্যবসায়ীক স্বার্থে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে যথেষ্ট হতাশ কেশব ব্যানার্জী। তিনি বলেন, যে ছেলেটা এতবছর ধরে চেন্নাইকে এত সাফল্য দিল, সুখে-দুঃখে দলের পাশে থেকেছে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। পাশাপাশি তিনি বলেন, বিকল্প হিসাবে দলে আসা সঞ্জু স্যামসন ওপেনিং ব্যাটসম্যান। আর জাদেজা ভালো অলরাউন্ডার। ব্যাট-বল-ফিল্ডিং সবকিছু খুব ভালো করতে পারে। তাই জাদেজার বিকল্প সঞ্জু কতটা হতে পারবে যথেষ্ট সন্দেহ আছে!

অন্যদিকে আসন্ন টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমান গিল। সেই বিষয়ে মাহির কোচ কেশব ব্যানার্জী বলেন, দলে বর্তমানে যে প্লেয়ার কিছু ম্যাচে খারাপ খেলবে তার দলে জায়গা হবে না, এটা বোঝা যাচ্ছে। তবে প্রথম একাদশে না রাখলেও অবশ্যই শুভমান গিলের মতো ভালো ব্যাটসম্যানকে বিশ্বকাপের ১৫ জনের দলে রাখা উচিত ছিল। কারণ রিঙ্কু সিং বা ইশান কিষানের থেকে শুভমান অনেক অভিজ্ঞ ও ভালো ক্রিকেটার। পাশাপাশি গৌতম গম্ভীরের কোচ হিসাবে ভূমিকাতে মোটেও খুশি নন কেশব ব্যানার্জী। কারণ তিনি বলেন, কোচ হিসাবে দলের ক্রিকেটারদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা দরকার। যেটা অনেক ভালো ছিল রাহুল দ্রাবিড়। কিন্তু গম্ভীর কোচ হওয়ার মতো সেই মানসিকতা একদমই নেই।
বিজয় হাজারেতে নামছেন রো-কো, তবে নিজেকে প্রমাণ করতে মরিয়া শুভমান!
