ময়দান আপডেট: মাস আসে-মাস যায়। বছর ঘুরে ২৫ থেকে ২০২৬ সাল শুরু হয়ে গেল। কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল। বৃহস্পতিবার লক্ষ্মীবারে ফাস্ট জানুয়ারি নতুন বছর শুরু হল, কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কোনও রকম লক্ষ্মী লাভের আশা দেখা গেল না! মনে করা হয়েছিল হয়তো ২০২৬ সালের বছরের প্রথম দিনেই আইএসএল নিয়ে হয়তো সুখবর মিলবে ভারতীয় ফুটবলে। সমস্ত জটিলতা কাটিয়ে ২০২৬ সালের শুরুতেই আইএসএল শুরুর দিন জানা যাবে। কিন্তু বছরের প্রথম দিনেও সমস্যা জারি রইল। এখনই ইন্ডিয়ান সুপার লিগ শুরুর কোনও সম্ভবনা নেই। তার কারণ এআইএফএফের তরফে ৩১ ডিসেম্বর ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল, আইএসএলে অংশগ্রহণ করা নিয়ে তারা কী ভাবছে? ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১ জানুয়ারির মধ্যেই ক্লাবগুলিকে নিজেদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল। তবে এদিন ফেডারেশনের প্রস্তাবে সম্মতি দিল না ক্লাবগুলো। জামশেদপুর বাদে ১৩ টি ক্লাব জোটের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, তারা খেলতে রাজি। কিন্তু কমার্শিয়াল পার্টনার ফাইনাল করতে হবে। ফি দিয়ে আইএসএল তারা খেলতে রাজি নয়। ফলে আইএসএল শুরু নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।

বড়দিন ও নিউ ইয়ারের কারণে মোহনবাগান তাদের অনুশীলন বন্ধ রেখেছে। ৩ তারিখ থেকে অনুশীলন শুরুর কথা। অন্যদিকে ইস্টবেঙ্গল সুপার কাপের পর থেকেই অনুশীলন বন্ধ রেখেছে। বলা হয়েছিল আইএসএল শুরুর দিন ঘোষণা হয়ে গেলে ৫ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে লাল-হলুদ সিনিয়র দল। অন্যদিকে ভারতীয় ফুটবলারদের নিয়েই আইএসএল খেলার প্রস্তুতিতে নামবে মহামেডান, এমনটাই জানা গিয়েছিল। কিন্তু আইএসএল শুরুর কোনও ইঙ্গিত না মেলায় দলগুলির অনুশীলন শুরুর দিন আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিন সম্মিলীত ক্লাব জোটের চিঠিতে বলা হয়েছে, এআইএফএফ চাইলে ৩ জানুয়ারি ফের মিটিংয়ে বসতে রাজি তারা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক বলছে, লিগ হবেই। ক্লাবগুলোও খেলতে চায়। ফেডারেশন বলছে, লিগ হবে। তবে মূল যে আর্থিক সমস্যা, সেটার সমাধান এখনও অধরা। এই অবস্থাতেই ক্লাবগুলি বৃহস্পতিবার এই অবস্থান নিল। এদিন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান সহ ক্লাব জোটের পক্ষ থেকে কড়া চিঠি পাঠানো হয়েছে কল্যাণ চৌবের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। যেখানে উল্লেখ করা হয়েছে, লিগের কমার্শিয়াল রাইটস কার হাতে থাকবে, তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সম্মতি দিতে রাজি নয় ক্লাবগুলি। লিগের ম্যাচ কারা দেখাবে, সেটাও চূড়ান্ত নয়। এমনিতে যা পরিস্থিতি, তাতে লিগ আয়োজনের জন্য প্রত্যেক দলকে অতিরিক্ত ৬-৭ কোটি টাকা খরচ করতে হতে পারে। যা খরচ করতে নারাজ আইএসএলের ক্লাবগুলি।
নিউ ইয়ারের শুরুতে দেখে নিন ২০২৫ সালে ক্রিকেট জগতের কিছু সেরা খবর
