ময়দান আপডেট: আইএসএলে অংশগ্রহণকারী বিভিন্ন দলের তারকা ফুটবলাররা ফিফার দ্বারস্থ হওয়ার পরেই চাপের মুখে পড়ে তড়িঘরি আইএসএল ফেরাতে উদ্যোগী সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শুক্রবার রাতে আইএসএল ফেরাতে সরাসরি ফিফার হস্তক্ষেপ দাবি করে স্যোশাল মিডিয়ায় একজোটে ভিডিও বার্তা পোস্ট করেন আইএসএলে অংশগ্রহণকারী বিভিন্ন দলের তারকা ফুটবলাররা। সরাসরি ফিফার দ্বারস্থ হন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটালরা। ভারতীয় ফুটবল ফেডারেশনকে দুষে তারা সরাসরি ফিফার কাছে আবেদন করেন, ‘দয়া করে ভারতের ফুটবলকে বাঁচান।’গুরপ্রীতের পোস্ট করা ভিডিয়োয় দেখা যায় দেশীয় ফুটবলারেরা নন, রয়েছেন বিদেশি ফুটবলারেরাও। লালিয়ানজুয়ালা ছাংতে, অমরিন্দর সিং, রাহুল ভেকে, প্রীতম কোটালের পাশাপাশি রয়েছেন কার্লোস দেলগাদো, মাইকেল জাবাকোরা, হুগো বুমোসেরাও।

আর এর পরেই শনিবার কার্যত চাপের মুখে পড়ে সুর নরম করে আইএসএল ফেরাতে দ্রুত জরুরি বৈঠকে বসল ফেডারেশন। আর এই বৈঠকের পরেই বরফ গলার ইঙ্গিত। ফিরতে চলেছে আইএসএল। শনিবার তিন সদস্যের আইএসএল কমিটি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। তারপরই ফেডারেশন ঘোষণা করল, আগামী সপ্তাহেই আইএসএলের দিনক্ষণ ঘোষণা করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লিগ আয়োজন করবে এআইএফএফ। যা জানা গিয়েছে, তা হল রেফারিং থেকে সম্প্রচার, লিগ সংক্রান্ত সব খরচ বহন করবে এআইএফএফ। আর ক্লাবগুলো তাদের নিজেদের দল গঠন করবে এবং হোম ম্যাচের আয়োজন করবে।
সূত্রের খবর ১৫ ফেব্রুয়ারি আইএসএল শুরু হতে পারে। মাস তিনেকের লিগের আয়োজনের খরচ ফেডারেশন চালাবে। দলগুলি চালাবে নিজেদের দলের খরচ। ঠিক যে শর্ত ক্লাবগুলি ফেডারেশনকে দিয়েছিল সেটা মেনে নেওয়া হল। তবে লিগে অংশ নেওয়ার জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে কিনা সেটা নিয়ে সংশয় কাটেনি। আগামী বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হবে।
