ময়দান আপডেট: ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও ফেডারেশনের পক্ষ থেকে ইন্ডিয়ান সুপার লিগের দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল। যদিও লিগ কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, হোম কিংবা অ্যাওয়ে সেই সমস্ত দিন-তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে লিগ যে হবে এটা জানতে পেরেই তার চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশ গ্রহণকারী বিভিন্ন দলগুলি। যুবভারতী অনুশীলন গ্রাউন্ডে জোরকদমে প্রতিদিন প্রস্তুতি সারছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল বাংলার দুই প্রধানই। যদিও ইস্টবেঙ্গলের দলে নতুন বিদেশী ফুটবলার হিসাবে কারা যোগ দেবেন সেই নিয়ে জোর চর্চা চলছে। তার কারণ ইতিমধ্যেই হামিদ আহদাদকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। আর এবার লাল-হলুদ থেকে বিদায় জানান কার্যত সময়ের অপেক্ষা হিরোসি ইবুসুকিকে। কারণ জাপানি এই ফুটবলারকে নিয়ে সুপার কাপের পর থেকেই দলের সমর্থক থেকে ফুটবল বিশেষজ্ঞরা বেজায় অখুশি। হিরোসির খেলা হতাশ করেছে কোচ অস্কার ব্রুজোঁকেও।

ইস্টবেঙ্গল অনুশীলনে এখনও তাঁকে দেখা গেলেও, সূত্রের খবর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে কোনও সময়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে ছেড়ে দেওয়া হতে পারে। অবশ্য দলের অনুশীলনেও সাইডলাইনে মাঝে-মধ্যেই বসে থাকতে দেখা যাচ্ছে হিরোসিকে। ফলে তার বিদায়ের কাউন্টডাউন শুরু। এখন প্রশ্ন হামিদ ও হিরোসির বিকল্প হিসাবে ইস্টবেঙ্গল কাদের দলে নেবে ? তার কারণ আইএসএল শুরু হতে হাতে আর বেশি সময় বাকি নেই! ফলে নতুন বিদেশী হিসাবে যারা আসবেন তারা দলে যোগ দিয়ে, এত অল্প সময়ের মধ্যে কতটা মানিয়ে নিতে পারবেন লিগের আগে? সেই আশঙ্কাও থেকেই যাচ্ছে !

অন্যদিকে আইএসএলের দিন ঘোষণা হলেও, এখনও কিছু বিষয় নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। তার কারণ আইএসএলের কমার্শিয়াল পার্টনারের জন্য যে টেন্ডার ডাকার প্রক্রিয়াটি রয়েছে সেই কাজেও খুব একটা অগ্রগতি হয়নি। অ্যদিকে এই মরশুমে আইএসএল খেলার বিষয়ে দলগুলির কাছে লিখিত সম্মতি দেওয়ার সেই সময়সীমা ছিল শুক্রবার। কিন্তু শুক্রবারও ফেডারেশন দফতরে ওড়িশার সেই লিখিত সম্মতি পৌঁছায়নি। বরং জানা গিয়েছে, ওড়িশার তরফে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত লিখিত সম্মতি দেওয়ার জন্য সময়সীমা চাওয়া হয়েছে। অন্যদিকে এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অবনমন নিয়ে। যেহেতু, নতুন সংবিধান মেনে নিয়েছেন ফেডারেশন কর্তারা, সেই সংবিধান অনুযায়ী শীর্ষলিগে অবনমন রাখতেই হবে। স্বাভাবিকভাবে লিগে অবনমন থাকছে। অবনমন হলে আগামী মরশুমে আইলিগে খেলতে হবে অবনমন হওয়া দলকে। ক্লাবগুলো ভেবেছিল এমন পরিস্থিতিতে হয়তো ফেডারেশন আদালতে গিয়ে এবারের আইএসএলে অবনমন বন্ধ রাখার জন্য আবেদন করবে। এখনও পর্যন্ত এআইএফএফের অবনমন নিয়ে আদালতে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। বরং ফেডারেশন চাইছে, ক্লাবেরা আদালতের কাছে আবেদন করুক এবার অবনমন বন্ধ রাখার জন্য। ক্লাবগুলো এই বিষয়টি ভালোভাবে নিচ্ছে না।
