ময়দান আপডেট: হাইস্কোরিং ম্যাচ দেখার অপেক্ষায় মুম্বইয়ের ওয়াংখেড়ের ক্রিকেট প্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরের দিন সকালের বিমানেই মুম্বই উড়ে যান ভারতীয় ক্রিকেট দল। আর দোলের দিল মঙ্গলবার চন্দ্রগ্রহণের জন্য দেরিতে অনুশীলন শুরু হয় ভারতীয় দলের। তবে মঙ্গলবার সন্ধ্যায় ওয়াংখেড়েতে জোরকদমে অনুশীলন সেরেছে টিম ইন্ডিয়া। আর যেখানে অনুশীলনের মূল মন্ত্রই ছিল পাওয়ার হিটিং। অর্থাৎ কি ভাবে আরও দ্রুত গতিতে রান তাড়া করে ম্যাচ জেতা যায়, সেই বিষয়গুলি বেশি করে জোর দেওয়া হয় ভারতের অনুশীলনে। এর থেকে স্পষ্ট ওয়াংখেড়েতে হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা স্পষ্ট। দলের সমস্ত ব্যাটসম্যানদেরই দ্রুত গতিতে রান তাড়া করার মন্ত্র দিলেন গম্ভীর।

ইংল্যান্ডের হয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন স্যাম কারেন। আর ইংল্যান্ড দলের প্রধান লক্ষ্যই থাকবে ভারতের ওপেনিং জুটিকে দ্রুত ফিরিয়ে দেওয়া। যেহেতু অভিষেক শর্মা রানের মধ্যেই নেই চলতি বিশ্বকাপে, ফলে সেই সুযোগটাই কাজে লাগাতে মরিয়া ইংল্যান্ড। একের পর এক ম্যাচ দ্রুত আউট হয়ে ফিরে গিয়েছেন অভিষেক। পর-পর তিন ম্যাচে আউট হয়েছেন ০ রানে। শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছেন ১০ রান। দুটি গুরুত্বপূর্ণ ক্যাচও মিস করেছেন তিনি। ফলে তাঁর উইকেট শুরুতেই তুলে নেওয়ার পরিকল্পনা ইংরেজদের। জস বাটলারও দীর্ঘদিন তিনিও রানের মধ্যে নেই। তবে স্যাম কারেন জানান, জস ব্যাটলারের মতো বড় প্লেয়াররা গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠেন, ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচেই বড় রান উপহার দিতে মরিয়া থাকবেন তিনি। এদিন বাটলারকেও জোরকদমে অনুশীলন করতে দেখা গিয়েছে। হ্যারি ব্রুকের প্রসংশাও শোনা যায় স্যাম কারেনের মুখে।

ভারত বনাম ইংল্যান্ড এই নিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে দেয় ইংল্যান্ড। ২০২৪ সালে জয় পেয়েছিল সেমিফাইনালে ভারত। এখন দেখার তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে সম্মুখসমরে কারা জয় পায়! তবে যেমনটা জানা যাচ্ছে ওয়াংখেড়েতে ভারত এইবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে যে উইকেটে খেলেছিল, সম্ভবত সেই উইকেটেই বৃহস্পতিবারও খেলবে ভারত। উইকেটে হালকা ঘাস রয়েছে। রান আসবে প্রচুর পরিমান। হাইস্কোরিং ম্যাচ হবে এটা স্পষ্ট। অর্থাৎ ব্যাটিং সহায়ক উইকেট তৈরি হচ্ছে। পাশাপাশি উল্লেখ্য ভারতীয় দল সেমিফাইনালে সম্ভবত অপরিবর্তিতই থাকছে।

সেমিফাইনাল ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত থাকবেন প্রচুর হাইপ্রোফাইল সেলিব্রিটি থেকে প্রাক্তন তারকা ক্রিকেটাররা। কিন্তু এখন প্রশ্ন হল ইংরেজদের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে মেগা ডুয়েলে বানিজ্য নগরীতে কতটা সাফল্য দেখাতে পারবে টিম ইন্ডিয়া ? কানায়-কানায় ভরে উঠবে গ্যালারি এটা নিশ্চিত তবে শেষ হাসি কারা হেসে আমেদাবাদের টিকিট কাটে সেটা সময়ই বলবে!
