ময়দান আপডেট: কিংবদন্তি অলোক মুখোপাধ্যায়ের আত্মজীবনী ‘লাল কার্ডের বাইরে’এর উদ্বোধনে চাঁদেরহাট কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে। সাইড ব্যাকের মতো গুরুত্বপূর্ণ পজিশনে খেলেও, দীর্ঘ ফুটবল জীবনে কোনও দিন লাল কার্ড দেখেননি তিনি। আর সেই প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলারের জীবনী নিয়ে এবার বই লিখেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। আর রবিবার বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক মুখোপাধ্যায় সহ প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া, মোহনবাগান সভাপতি দেবাশীষ দত্ত, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মহামেডান ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, প্রাক্তন কিংবদন্তি ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজি সহ বিশিষ্টজনেরা।

নিজের জীবনী প্রকাশের ভিড়ে ঠাসা অনুষ্ঠানে এসে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি অলোক। বলেন, ‘এত মানুষের ভালোবাসা এখন দুই মলাটে। আজ মনে হচ্ছে, সত্যিই ফুটবলার হিসেবে হয়তো কিছু করতে পেরেছি।’ দীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির লেখক ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অলোকের হাতে তুলে দেওয়া হয় তাঁরই খেলা লাল হলুদ জার্সি।

মোহনবাগান সবুজ-মেরুন উত্তরীয় দিয়ে সম্মান জানায়। বাইচুংয়ের কথায়, ‘অলোকদার কোচিংয়ে আমি দেশের হয়ে ফুটবল জীবনের সেরা পাঁচটা বছর কাটিয়েছি। অলোকদা শুধু বড় ফুটবলার নন, ভদ্র মানুষও। তাঁর আত্মজীবনী ভবিষ্যৎ ফুটবলারদের কাছে আদর্শ হয়ে উঠুক।’
