ময়দান আপডেট: ইংরাজি 2026 সালের শুরুটা ভালো গেল না টিম ইন্ডিয়ার জন্য। বছরের প্রথম সিরিজেই দেশের মাটিতে কিউয়িদের কাছে 2-1 এ সিরিজ হার টিম ইন্ডিয়ার। তার জেরে আবারও সমালোচনার মুখে গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল। যদিও ভারত হারলেও, একের পর এক ম্যাচে দলকে সেঞ্চুরি উপহার দিয়ে ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিলেন কিং কোহলি। তবে রো-কো জুটির যুগলবন্দি লড়াই দেখার সুযোগ হল না রবিবার ইন্দোরেও। এদিনও ব্যর্থ রোহিত শর্মা। টস জিতেও এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ওয়ানডে ম্যাচ জিততে পারল না ভারতীয় দল। আর আবারও স্বমহিমায় অনবদ্য ইনিংস কিউয়িদের উপহার দিলেন ড্রারেল মিচেল। সিরিজের দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও দুর্দান্ত ১৩৭ রানের ইনিংস খেললেন ড্রারেল মিচেল। আর দলকে জয় উপহার দিলেন তিনি। পাশাপাশি ১০৬ রান করেন গ্লেন ফিলিপস। প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৮ উইকেটে ৩৩৭ রান।

আর এই বিশাল রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে একাই শেষ পর্যন্ত মরিয়া লড়াই চালিয়ে গেলেন বিরাট কোহলি। অন্যদিকে একের পর এক আউট হয়ে ফিরে যান রোহিত, শুভমান, শ্রেয়স আইয়ার থেকে কেএল রাহুল। যদিও বিরাটকে ভালো সঙ্গ দিয়ে ৫৩ রান করেন নীতীশ কুমার রেড্ডি ও ৪৩ বলে ৫২ রানের বিরাটের সঙ্গে একটা ভালো পার্টনারশিপ গড়ে তোলেন হর্ষিত রানা। তবে শেষরক্ষা হয়নি। ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত।

৪১ রানে ভারতকে হারিয়ে ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয় নিউজিল্যান্ডের। দুর্দান্ত লড়াই করলেও, কাজে লাগল না বিরাটের ১২৪ রানের ইনিংস। সিরিজের সেরা হয়েছেন ড্রারেল মিচেল।

নিউজিল্যান্ডের এই ব্যাটার ভারতের মাটিতে ভারতীয়দের থেকে ভাল খেলেছেন। তিন ম্যাচের সিরিজে দু’টি শতরান ও একটি অর্শধতরান করেছেন। ভারতের মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ জিতিয়েছেন নিউজিল্যান্ডকে। ফলে কিউয়ি তারকা মিচেলকে নিজের সই করা জার্সি উপহার দেন কোহলি। ইন্দোরে খেলা শেষে যখন দু’দলের ক্রিকেটারেরা দাঁড়িয়ে রয়েছেন, তখনই দেখা যায়, মিচেলের দিকে এগিয়ে যাচ্ছেন কোহলি। তাঁর হাতে একটি জার্সি। সেই জার্সি গিয়ে মিচেলকে দেন তিনি। মিচেল হাসিমুখে তা গ্রহণ করেন। কিছুক্ষণ কথা বলেন দুই ক্রিকেটার। তারপর আবার সতীর্থদের কাছে ফিরে আসেন কোহলি।
