ময়দান আপডেট: কথায় আছে যার শেষ ভালো, তার সব ভালো। তবে ২০২৬ সালে ভারতের বছরের শুরুটা অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ঘরের মাঠে জয় দিয়ে শুরু হলেও, বছরের প্রথম সিরিজের শেষটা ভালো গেল না টিম ইন্ডিয়ার জন্য। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে ঘরের মাঠে হেরে সিরিজ হাতছাড়া করল গম্ভীর অ্যান্ড কোম্পানি। ফলে যথেষ্ট হতাশা নিয়েই বছর শুরু ভারতীয় দলের জন্য। তবে সামনেই দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। ফলে এই বিশ্বকাপই কার্যত কোচ হিসাবে গম্ভীরের অগ্নিপরীক্ষা তা বলা যেতেই পারে! কিন্তু বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আর একটা সুযোগ পাবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হারের ব্যর্থতা ভুলে, বুধবার থেকে টি-২০ সিরিজে কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামছে সূর্যকুমার যাদবের দল। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে নাগপুরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। এরপর যথাক্রমে ২৩,২৫,২৮ ও ৩১ তারিখ রায়পুর, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও তিরুবন্তপুরমে খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

কিউয়িদের বিরুদ্ধে এই সিরিজে জিতে বিশ্বকাপের আগে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে শুভমান গিলকে রাখা হলেও, বিশ্বকাপের দলে সুযোগ হয়নি শুভমানের। ফলে কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভালো ব্যাটিং উপহার দিয়ে, বিশ্বকাপের আগে দল নির্বাচকদের পুররায় একবার ভেবে দেখার বার্তা দিতে পারেন শুভমান। ২০২৫ সালের শেষ টি-২০ সিরিজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে শুভমানের হতাশাজনক ব্যাটিং দেখার পরেই, বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন দল নির্বাচকরা। যদিও ওই প্রসঙ্গে শুভমান জানান, বিশ্বকাপে দেশের হয়ে খেলার সুযোগ সবাই পেতে চায়, কিন্তু দল নির্বাচকদের সিদ্ধান্তকে তিনি সম্মান জানান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুটি হাফসেঞ্চুরি দলকে উপহার দেন গিল। এবার অবশ্যই তাঁর লক্ষ্য থাকবে টি-২০ সিরিজে দলকে সাফল্য দেওয়া। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদবের টি-২০ তে টানা ব্যাটিং ব্যর্থতা নিয়েও চিন্তায় টিম ম্যানেজমেন্ট। প্রোটিয়াদের বিরুদ্ধে গোটা সিরিজেই রান আসেনি অধিনায়কের ব্যাটে! বিশ্বকাপের আগে রানের খরা কাটিয়ে সূর্যকুমারের রানে ফেরা অত্যন্ত প্রয়োজন, তা নাহলে অবশ্যই বিশ্বকাপের আগে নতুন করে চিন্তা বাড়াবে ভারতীয় দলে।

যদিও কিউয়িদের বিরুদ্ধে নামার আগে চনমনে মেজাজে ভারতীয় দল। নাগপুরে ম্যাচের আগে সোমবার ‘পেঞ্চ টাইগার রিজার্ভ’-এ গিয়েছিলেন সূর্য। ভারতের টি-২০ দলের অধিনায়কের সঙ্গে ছিলেন আরও চার ক্রিকেটার। তাঁরা হলেন রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন, ইশান কিষান ও রবি বিষ্ণোই। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে রয়েছে এই ব্যাঘ্র প্রকল্প। শনিবার সেখানে পৌঁছোন ক্রিকেটারেরা। ওয়ানডে সিরিজে হারের বদলা নিতে নামার আগে নিজেদের টেনশেন ফ্রি রাখতেই হালকা মেজাজে বেড়াতে ব্যস্ত স্কাই।
সাদা বলের ব্যর্থতা ভুলে, লাল বলে রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে ৭ পয়েন্টের লক্ষ্যে বাংলা
