ময়দান আপডেট: বহু টালবাহানার পর অবশেষে ফিরছে আইএসএল। ১৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধন। আর গতবারের আইএসএলের শিল্ড ও ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস হওয়ায়, রীতি মেনে এবার আইএসএলের উদ্বোধন ম্যাচে অবশ্যই খেলবে মোহনবাগান। তবে প্রথমে ফেডারেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, এতদিন বিরতির পর যখন আইএসএল ফিরছে সেক্ষেত্রে মোহন-ইস্ট হাইভোল্টেজ ডুয়েল অর্থাৎ যুবভারতীতে ডার্বি দিয়ে ফুটবল মরসুম শুরু হোক। কিন্তু সূত্রের খবর মোহনবাগানের তরফে কিছুটা সম্মতি থাকলেও, শুরুতেই ডার্বিতে আপত্তি ইস্টবেঙ্গলের। আর বেশ কয়েকটা ক্রীড়াসূচির তালিকা ফেডারেশন তৈরি করেছে। তবে এখনও পর্যন্ত আইএসএলের চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা করেনি ফেডারেশন। মনে করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই আইএসএলের তালিকা সামনে এসে যাবে।

তবে ফেডারেশন সূত্রের খবর মোহনবাগান বনাম কেরালা ব্ল্যাস্টার ম্যাচ দিয়েই কলকাতায় যুবভারতীতে আইএসএলের উদ্বোধন করা হবে ১৪ ফেব্রুয়ারি। যদিও এখনও পর্যন্ত তা সম্পূর্ন চূড়ান্ত নয়। আর সব ঠিক থাকলে, ডার্বি হতে পারে মে মাসে। কারণ মাঝে আবার বাংলার বিধানসভা নির্বাচন আছে। সেসময় ভোটের উত্তেজনা থাকবে। তাছাড়া নিরাপত্তাজনিত সমস্যাও তৈরি হতে পারে। তাই ভোটপর্ব মেটার পর মে মাসেই মহারণে নামতে পারে কলকাতার দুই প্রধান।

পাশাপাশি এখনও পর্যন্ত আইএসএল সম্প্রচারকারী সংস্থার বিষয়টিও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি।
