সৌরভ রায়, প্রতিনিধি
ময়দান আপডেট: রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে বুধবার বারাকপুরের বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল এফসি। লিগের প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারলেও, ডায়মন্ড হারবার এফসির পর এদিন অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভিক্টোরিয়া স্পোর্টিং-এর কাছে ৩-১ গোলে জয়লাভ করল লাল হলুদ বাহিনী। এদিন ম্যাচের প্রথমার্ধে অনান্থুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে তার কয়েক মিনিটের মধ্যেই কর্ণার শটে ভিক্টোরিয়া স্পোর্টিং এর হয়ে গোল করে খেলায় সমতা ফেরায় নূর আলি মণ্ডল। খেলার প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফলে।

খেলার দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। আর দেবোজিতের গোলে আবারও এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। আর ম্যাচের শেষ দিকে ইস্টবেঙ্গলের হয়ে আরও একটি গোল করেন Andrews। যদিও এদিন ম্যাচের শেষের দিকে রেফারির সঙ্গে বচসায় জড়ানোয় লাল কার্ড দেখানো হয় ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জকে। পাশাপাশি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের দলের ফুটবলার Andrews। ইস্টবেঙ্গল ৩-১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং-এর বিরুদ্ধে জয় পেলেও,আবারও রেফারির ভূমিকা নিয়ে সরব হলেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ অর্চিস্মান বিশ্বাস।

পাশাপাশি দল হারলেও,বুধবার যথেষ্ট ভালো গোলকিপারের ভূমিকা পালন করেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং-এর গোলকিপার সুজন ব্যানার্জী। উল্লেখ্য আগামী রবিবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
আইএসএলের উদ্বোধনে সম্ভবত মোহনবাগান বনাম কেরালা, ডার্বি মে-তে
