ময়দান আপডেট: অবশেষে জল্পনার অবসান। গত প্রায় একমাস ধরে ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেট উত্তাল হয়েছে আইসিসি বনাম বিসিসি এর মধ্যে সংঘাত থেকে শুরু করে চিঠি চালাচালি নিয়ে। ঘটনার সূত্রপাত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার জেরে, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআর-কে নির্দেশ দিয়েছিল অবিলম্বে মুস্তাফিজুরকে নাইট রাইডার্স থেকে বাদ দিতে হবে। তারপরেই বাংলাদেশের তারকা ফাস্ট বোলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর। সেই থেকেই ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশ সরকার। এরপরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে কোনও ভাবেই যাবে না। বাংলাদেশের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় সরানো হোক। আইসিসিকে একাধিকবার চিঠি পাঠানো হয়। বলা হয় ভারতে খেলতে যাওয়া নিরাপদ বোধ করছে না বাংলাদেশ দল। যদিও বিসিসিআই এর পক্ষ থেকে জানান হয়, ভারতে বিশ্বকাপের সমস্ত দেশের জন্য কড়া নিরাপত্তা দেওয়া হবে। তবে বিসিবিকে একাধিকবার আইসিসির পক্ষ থেকে অনুরোধ করা হলেও, তারা নিজেদের অবস্থানেই অনড় থাকে। স্পষ্ট বলা হয় ভারতে দল পাঠাবে না তারা।

আর তার জেরে এবার কড়া পদক্ষেপ নিল আইসিসি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হল আইসিসির পক্ষ থেকে। বিকল্প হিসাবে বিশ্বকাপে জায়গা করে নিল স্কটল্যান্ড। ফলে এদিন ঘোষণা করা হল টি-২০ বিশ্বকাপের নতুন ক্রীড়াসূচি। যেখানে দেখা যাচ্ছে ইডেনে বাংলাদেশের বদলে তিনটি ম্যাচে খেলবে স্কটল্যান্ড। আর ওয়াংখেড়েতে বাংলাদেশের বিকল্প হিসাবে খেলবে স্কটল্যান্ড।

বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে খেলবে কি না তা নিয়ে বুধবার বৈঠক ছিল আইসিসির। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ-সহ ভারত, পাকিস্তানের মতো দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। সেখানে বাংলাদেশের দাবি নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপ শুরুর আগে এ ভাবে সূচি বদলের বিভিন্ন সমস্যার কথা আবার ব্যাখ্যা করা হয়। কিন্তু অনড় অবস্থান বজায় রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি নিয়ে আইসিসির বোর্ডের সভায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। তাতে দেখা যায় একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেন। আর সমস্ত দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। সূত্রের খবর বিশ্বকাপে অংশ না নেওয়ায় শাস্তির মুখে পড়তে হবে ওপার বাংলার ক্রিকেট বোর্ডকে। আইসিসির এই চিঠিতে তেমন উল্লেখ না থাকলেও আগামী দিনে বাংলাদেশের শাস্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিলকের অনুপস্থিতিতে রুদ্র মেজাজে ইশান! বিশ্বকাপে তিন নম্বরে তাহলে কে?
