ময়দান আপডেট: এভাবেও ফিরে আসা যায়- সেই গানের লাইনটাই শুক্রবার রায়পুরে প্রমাণ করে দিলেন বাঙালি কোচ উত্তম মজুমদারের ছাত্র ইশান কিষান। প্রায় দুইবছরেরও বেশি দিন পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের জার্সিতে কামব্যাক করেছিলেন ইশান। যেহেতু সামনে টি-২০ বিশ্বকাপ, আর বিশ্বকাপের দলে ইশান সুযোগ পাওয়ায়, ইশানকে বিশ্বকাপের আগে কিউয়িদের বিরুদ্ধে খেলিয়ে একবার পরীক্ষা করে নিতে চেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে তিলক বর্মা চোটের কারণে ছিটকে যাওয়ায়, সাংবাদিক সম্মেলনে সূর্য ঘোষণা করেন প্রথম টি-২০ তে তিন নম্বরে ব্যাট করবেন ইশান। যদিও ফিরে এসে প্রথম টি-২০ তে সাফল্য দেখাতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে শুক্রবার রায়পুরে আবারও চেনা ছন্দে বিধ্বংসী মেজাজে প্রত্যাবর্তন করলেন ইশান কিষান। তিলক বর্মার অনুপস্থিতিতে শুধুমাত্র নিজেকে প্রমাণ করলেনই না, বরং ভারতীয় দল নির্বাচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দুই বছরের বেশি সময় ধরে তাঁকে ব্রাত্য করে রাখার সিদ্ধান্ত যে কতখানি ভুল ছিল। এদিন কিউয়িদের ২০৯ রানের টার্গেটের সামনে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মা ও সঞ্জু ফিরে যেতে কিছুটা হতাশা যখন নেমে আসে ভারতীয় ড্রেসিংরুমে, ঠিক সেই সময় কার্যত সূর্যকে সঙ্গে নিয়ে রুদ্র মূর্তিতে সুপার সাইক্লোন তুললেন ইশান। শুধুমাত্র চার ও ছয় দিয়েও ব্যাট চালিয়ে যান তিনি। অবিশ্বাস্য একটা ৩২ বলে ৭৬ রানের ইনিংস দলকে উপহার দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন তিনি। তিলক চতুর্থ টি-২০ তে ফিরলেও, ইশানকে এরপর বসানো কি আদৌও সম্ভব সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় দলের অন্দরমহলে ?

আর ইশানের প্রত্যাবর্তনের ম্যাচে নিজেকে বিশ্বকাপের আগে আরও একটা ধারালো করে নিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। রোহিত শর্মা দুইদিন আগেই একটা ভিডিও বার্তায় বলেছিলেন বিশ্বকাপের আগে অধিনায়ক সূর্য রানে না ফিরলে দলের জন্য সমস্যা। সেটাই রায়পুরে করে দেখালেন অধিনায়ক সূর্য। ইশান জয়ের রাস্তা তৈরি করে দেন, আর কাজটা সহজেই সমাপ্ত করলেন সূর্য। কার্যত নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তিনি। ৩৭ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ৭ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ৯ টা চার ও ৪ টে ছয়। অন্যদিকে ৩৬ রানে অপরাজিত থাকেন শিবম দুবে। যদিও কঠিন সময়ে ব্যাট করতে এসে দলকে জয়ের পথে টেনে নিয়ে যাওয়ায় ম্যাচের সেরা হন ইশান।

উল্লেখ্য এদিন নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে তোলে ২০৮ রান। তাদের ইনিংসে কোনও হাফসেঞ্চুরি না হলেও, দুর্দান্ত লড়াই করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ২৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি।এরআগে ২৬ বলে ৪৪ রান করেন রচিন রবীন্দ্রা।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ব্যাটিং তাদের সাহস যোগালেও, দলের বোলিং ব্যর্থতাই যে তাদের বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে তা স্পষ্ট হয়ে গেল এইদিন।
লাস্ট ফিনিশিং নরহরির, জয়ের ধারা অব্যাহত রাখলেও রাজস্থানকে সমীহ করছে সঞ্জয় সেন
