Sunday, March 1, 2026
Homeক্রিকেটঅতিসহজেই সার্ভিসেসকে ইনিংস সহ ৪৬ রানে হারিয়ে রঞ্জিতে দুর্দান্ত জয় বাংলার

অতিসহজেই সার্ভিসেসকে ইনিংস সহ ৪৬ রানে হারিয়ে রঞ্জিতে দুর্দান্ত জয় বাংলার

রঞ্জি ট্রফিতে বাংলার দাপট অব্যাহত

ময়দান আপডেট: অতি সহজেই ফলোঅনে সার্ভিসেসকে হারিয়ে রঞ্জি ট্রফির নকআউট নিশ্চিত করে ফেলল বাংলার দল। রঞ্জির চতুর্থ দিনের সকালেই কল্যাণীতে সার্ভিসেসের শেষ দুই উইকেট ফেলে দিয়ে ইনিংস সহ ৪৬ রানে জয় লাভ করে বাংলা জায়গা করে নেয় নকআউট রাউন্ডে। উল্লেখ্য প্রথম ইনিংসে ব্যাট করে সার্ভিসেসের ঘাড়ে ৫১৯ রানের এক বিশাল টার্গেট চাপিয়ে দেয় অভিমন্যু ঈশ্বরণের দল। আর দলের ক্রাইসিস ম্যানেজার বলে পরিচিত অনুষ্টুপ মজুমদারের শততম ম্যাচে অনবদ্য ব্যাটিং দলকে উপহার দিলেন আর এক অভিজ্ঞ ব্যাটার সুদীপ চ্যাটার্জী। কল্যাণীতে নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমেই একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ চ্যাটার্জী। ৮১ রান করে অভিমন্যু আউট হলেও, দীর্ঘসময় ব্যাটিং করে নিজের ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন সুদীপ চ্যাটার্জী। ৩২৭ বল ব্যাট করে ২০৯ রান দলের স্কোর বোর্ডে যোগ করেন সুদীপ। নিজের ক্রিকেট জীবনেরও এক নয়া মাইলস্টোন গড়ে তোলেন তিনি। পাশাপাশি ৯১ রানে অপরাজিত থাকেন শাকির হাবিব গান্ধী। এছাড়াও শাহবাজ, সুমন্ত সকলেই কম-বেশি দলকে বড় রানে এগিয়ে যেতে সাহায্য করেন। বাংলা তোলে ৫১৯ রান।

আর জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার বিধ্বংসী বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সার্ভিসেসের ইনিংস। মাত্র ১৮৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় সার্ভিসেস। তাদের হয়ে সর্বোচ্চ ৮৫ রানে অপরাজিত থাকেন নকুল শর্মা। বাংলার হয়ে ৪ উইকেট নেন সূরজ সিন্ধু জয়সওয়াল, ৩ উইকেট নেন আকাশদীপ। ফলে ৩৩৩ রানে পিছিয়ে থাকা সার্ভিসেসকে ফলোঅন দিয়ে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় বাংলা।

যদিও দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করার চেষ্টা করে সার্ভিসেসের ব্যাটাররা। অধিনায়ক রজত পালিওয়াল করেন ৮৩ রান। ৬২ রান এসেছে মোহিত অহলওয়াতের ব্যাট থেকে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসেও বাংলার হয়ে বল হাতে আগুন ঝরালেন মহম্মদ শামি। তৃতীয় দিনের শেষে ৫১ রানে ৫ উইকেট নেন শামি। তাঁকে আবার চেনা ফর্মে পাওয়া গেল। পাশাপাশি ২ উইকেট নেন মুকেশ কুমার। তৃতীয় দিনের শেষে দেখা যায় সার্ভিসেস ২৩১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে। বাংলার থেকে ১০২ রান দূরে ছিল তারা। আর চতুর্থ দিনের শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলে সার্ভিসেস। ফলে ২৮৭ রানে অলআউট হয়ে যায় তারা। ইনিংস সহ ৪৬ রানে জয় লাভ করে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা করে নিল বাংলা।

উত্তর কলকাতার শোভাবাজারে তিনদিনের জমজমাট গলি ক্রিকেটের প্রতিযোগিতা

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular