সৌরভ রায় ও অঙ্কিত ঘোষ, প্রতিনিধি
ময়দান আপডেট: রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সমস্ত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রবিবার নৈহাটিতে ডার্বিতে খেলতে নেমেছিল মোহনবাগান। অন্যদিকে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারলেও, অন্যান্য ম্যাচে ভালো ফুটবল উপহার দিয়েছে লাল হলুদ বাহিনী। ফলে এদিন ডার্বিতে দুই দলের মধ্যে একটা টানটান উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করতে নৈহাটি স্টেডিয়ামে ভিড় করেছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের বেশ কিছু সমর্থকরা। এই বছর আইএসএল এখনও শুরু হয়নি। ফলে মন খারাপ বাংলার ফুটবল প্রেমীদের। তাই এদিন রিলায়েন্স ফাউন্ডেশন লিগের ডার্বি হলেও, গ্যালারি জুড়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকদের স্লোগানে বেশ জমজমাট ছবি ফুটে ওঠে। পাশাপাশি উল্লেখ্য এদিন ছোটদের ডার্বি দেখতে উপস্থিত ছিলেন মোহনবাগানের হেড কোচ সার্জিও লোবেরা।

আর এদিন ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় সুহেল আহমেদ ভাট, শিবম মুন্ডাদের। মোহনবাগানের আক্রমণ অপেক্ষাকৃত বেশি ছিল প্রথমার্ধে। তবে বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে দুই দলই। ম্যাচের ৭ ও ১৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন সুহেল আহমেদ ভাট। অন্যদিকে ২১ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গলের হয়ে গুইতে এবং ২৫ মিনিটে দূরপাল্লার শটে গোলের সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের হয়ে আনাস্থু। আর ম্যাচের প্রথমার্ধের একদম শেষের দিকে মোহনবাগানের গুনরাজ সিং এর সঙ্গে একটা ট্যাকলকে কেন্দ্র করে সংঘাতে জড়ান ইস্টবেঙ্গলের রিকি সিং। আর এরপর দেখা যায় সুহেল আহমেদ ভাট সহ মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের একাধিক ফুটবলাররা বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তার জেরে জোড়া হলুদ কার্ড দেখানো হয় ইস্টবেঙ্গলের সোনাম ও মোহনবাগানের সুহেল আহমেদ ভাটকে। গোলশূন্য শেষ হয় খেলার প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গলের রিকি সিং এর গোলে এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। উল্লেখ্য রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে এইবারে প্রথম গোল খেল মোহনবাগান। আর গোল খাওয়ার পর কিছুটা আক্রমণে যাওয়ার চেষ্টা করে মোহনবাগান। তবে ৫৪ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন মোহনবাগানের হয়ে রিমসন সিং। এরপর অনেকটাই রক্ষণাত্বক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানের এদিন ভাগ্য সহায় হল না। একাধিক সুযোগ তৈরি করেও, ইস্টবেঙ্গলের গোলকিপার জুলফিকার গাজি রুখে দেন মোহনবাগানের আক্রমণ। আর ম্যাচের ৮৪ মিনিটে চোট পান ইস্টবেঙ্গলের গুইতে। তাকে আনতে মাঠে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি নিজেই পায়ে হেঁটে মাঠ ছাড়তে গিয়ে সময় নষ্ট করেন গুইতে। ফলে গুইতেকে লাল কার্ড দেখান রেফারি। ফলে শেষ কয়েক মিনিট দশজনে খেলে ইস্টবেঙ্গল। আর ম্যাচের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গলের হয়ে আরও একটি গোল করেন রিকি সিং। ফলে খেলার ফলাফল হয়ে যায় ২-০।
অতিসহজেই সার্ভিসেসকে ইনিংস সহ ৪৬ রানে হারিয়ে রঞ্জিতে দুর্দান্ত জয় বাংলার
