ময়দান আপডেট: জুনিয়র বয়সভিত্তিক স্কুল ফুটবলের উন্নতিতে বিশেষ ভাবে সক্রিয় ভূমিকা পালন করছে বঙ্গ ফুটবল সংস্থা আইএফএ। আর এবার স্কুল ফুটবলের উন্নতিতে সক্রিয় সেন্ট্রাল ক্যালকাটা ভেটারেন্স স্পোর্টস ক্লাব। সেন্ট্রাল ক্যালকাটা ভেটারেন্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে পল্টু দাস মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মধ্য কলকাতার সেন্ট পলস স্কুলের মাঠে আয়োজিত হল তিনদিনের অনুর্ধ্ব ১২ স্কুল ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছিল বাংলার আটটি স্কুলের ফুটবল দল। আর শুক্রবার অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল মেদিনীপুরের গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুল ও দক্ষিণ কলকাতার সেন্ট অগস্টিন ডে স্কুল। ছোটদের টানাটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করলেন দর্শকরা। ফাইনাল ম্যাচের খেলা শেষ হয় ২-২ গোলে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-২ গোলে জয় লাভ করে মেদিনীপুরের গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের পড়ুয়ারা। ফলে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের ফুটবলার থেকে কোচ সকলেই।

উল্লেখ্য এদিন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এই ধরনের ছোটদের টুর্নামেন্ট আরও বেশি করে আয়োজন করার প্রয়োজন বলে জানান আইএফএ সচিব।

পাশাপাশি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, আগামী বছরে সেন্ট্রাল ক্যালকাটা ভেটারেন্স স্পোর্টস ক্লাবের এই টুর্নামেন্ট ইস্টবেঙ্গল মাঠে আয়োজন করা হোক। পাশাপাশি এই টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এদিন চ্যাম্পিয়ন ও রার্নাস দলের ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দিয়ে আগামী দিনের শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা। সবমিলিয়ে তিনদিনব্যাপি এই টুর্নামেন্ট ঘিরে জমজমাট হয়ে উঠল সেন্ট পলস স্কুলের মাঠ। উল্লেখ্য এই টুর্নামেন্ট আয়োজনে বিশেষ সহযোগিতা করেছে সেন্ট পলস স্কুল। ফলে স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান উদ্যোক্তারা।
অসমের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল বাংলা, প্রথম কোয়ার্টারে খেলবে ২ তারিখ
