ময়দান আপডেট: ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে বাকি আর মাত্র হাতেগোনা দিন দশেক। অবশেষে ফিরছে আইএসএল। গত কয়েক সপ্তাহ অনুশীলন সেরে নিজেদের কিছুটা প্রস্তুত করে নিয়েছে কম-বেশি সব দলই। তবে আইএসএলের আগে এই প্রথমবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুনের নয়া হেড কোচ সার্জিও লোবেরা। গত মরসুমে মোহনবাগানকে আইএসএল শিল্ড ও ট্রফি একসঙ্গে উপহার দিয়েছিলেন হোসে মোলিনা। মোলিনার হাত ধরে মরসুমের শুরুতে মোহনবাগান অনবদ্য সাফল্য পেলেও, মরসুমের শেষটা ভালো যায় নি। ডুরান্ড কাপ থেকে সুপার কাপে সবুজ-মেরুনের ব্যর্থতা ভালো ভাবে নেন নি মেরিনার্সরা। পাশাপাশি ম্যানেজমেন্টের সঙ্গে মোলিনার সম্পর্কে চিড় ধরে। তার জেরে গোয়ায় অনুষ্ঠিত সুপার কাপের পরেই, মোলিনাকে সরানোর কথা ঘোষণা করে মোহনবাগান সুপার জায়ান্টস। নতুন কোচের পদে দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন ওড়িশা এফসি দলের হেডকোচ সার্জিও লোবেরাকে। লোবেরার নেতৃত্বে গত প্রায় একমাস অনুশীলন সারছে মোহনবাগান। তবে এখনও পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়নি তিনি। ১৪ তারিখ থেকে ফিরছে সংক্ষিপ্ত ফম্যাটে এবারের আইএসএল। তাই বৃহস্পতিবার ৫ তারিখ দুপুরে প্রথম সাংবাদিক সম্মেলন করবেন লোবেরা। যুবভারতী কনফারেন্স রুমে মুখোমুখি হবেন তিনি। ফলে মনে করা হচ্ছে আইএসএলের আগে তাঁর দল কতটা প্রস্তুত এবং তাঁর এবারের মরসুমে লক্ষ্য কি? তা স্পষ্ট করবেন প্রেস কনফারেন্সে।

পাশাপাশি উল্লেখ্য কম বেতনেই এবারের আইএসএলে নামবেন সুনীল ছেত্রীরা। ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় ক্লাবকর্তাদের প্রস্তাব মেনে নিলেন ব্যাঙ্গালুরু এফসির ফুটবলাররা। ফুটবলারদের এই স্বার্থত্যাগের প্রশংসা করেছেন দলের মালিক পার্থ জিন্দল। ব্যাঙ্গালুরু দ্বিতীয় দল, যাদের ফুটবলারেরা কম বেতনে এবারের প্রতিযোগিতায় নামতে রাজি হয়েছে। গত মাসে এফসি গোয়ার ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা জানিয়েছিলেন, তাঁরা কম বেতনে আইএসএল খেলবেন। তাঁদের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল ক্লাব। এবার সেই পথেই হাঁটল ব্যাঙ্গালুরু।

অন্যদিকে যে বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল আইএসএল সম্প্রচার কোথায় হবে? সেই প্রশ্নেরও সমাধান পাওয়া গিয়েছে। এবার জিও হটস্টার নয়। আইএসএল সম্প্রচার করবে ফ্যান কোড। তার সঙ্গে প্রোডাকশনের দায়িত্বে থাকছে কলকাতার সংস্থা ক্যালাইডোস্কোপ। আসলে ফ্যান কোড আইএসএল সম্প্রচার করবে সোনি স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে। ফ্যান কোডের ডিজিটাল মাধ্যম আছে, সেখানে টিভি সম্প্রচারের জন্য থাকছে সোনি স্পোর্টস।
সন্তোষ ট্রফির সেমিতে পঞ্জাব বনাম কেরালা,সার্ভিসেস বনাম রেলওয়ে
