সোনালী চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্যায়ের দ্বিতীয় খেলায় বুধবার বারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল রাজস্থান ইউনাইটেডের। যে রাজস্থান ইউনাইটেডকে মোহনবাগান ৩-১ ফলাফলে পরাজিত করেছিল, সেই রাজস্থান ইউনাইটেডর বিরুদ্ধে ১-০ ফলাফলে জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোল খেলার ২৫ মিনিটে পেনাল্টি থেকে গুইতে করেন।
খেলার শুরুতে দুই দলকেই আক্রমনাত্মক ছন্দে দেখা যায়। দুই দলই গোল তুলে নেওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা করতে থাকে। তবে রাজস্থানের মুখোমুখি হয়ে কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছিল লাল-হলুদের আক্রমনের ঝাঁঝ। কিন্তু খেলার ২৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল তুলে নেওয়ার সুযোগ আসে ইস্টবেঙ্গলের সামনে। সুযোগ নষ্ট না করে গোল করেন গুইতে। তার পরবর্তীতে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি কর্ণার পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে রাজস্থানের বক্সে বল রাখলে রাজস্থানের রক্ষন বিভাগের খেলোয়াড় বলটি ক্লিয়ার করতে গেলে বল চলে যায় নিজেদেরই গোলের দিকেই। তবে সৌভাগ্যবশত ফলাফল ২-০ হয়নি। বলটি বারে লেগে সোজাসুজি চলে আসে রাজস্থানের গোলরক্ষকের হাতে।

দ্বিতীয়ার্ধের শুরুতে একেবারে ৪৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের দেবজিত ইউনাইটেডের গোলরক্ষককে কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েন রাজস্থানের বক্সে। কিন্তু শেষপর্যন্ত বল লক্ষ্যে রাখতে না পেরে একটা সুবর্ণ সুযোগ দ্বিতীয়ার্ধের প্রথমেই হাতছাড়া করে ফেলেন। রাজস্থান ইউনাইটেডের খেলোয়াড়েরা ক্রমাগত বিল্ডআপ প্লে করতে করতে চাপ বৃদ্ধি করার চেষ্টা করেন, কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষন বিভাগকে ভাঙতে বারংবার ব্যর্থ হন। রাজস্থানের রাজকুমার যিনি গত ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে একমাত্র গোলটি করেছিলেন তিনি কয়েকবার রাজত্ব বিস্তার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে সময় নষ্ট করার জন্য ইস্টবেঙ্গলের গোলরক্ষক জুলফিকার গাজি খেলার ৫২ মিনিটের মাথায় একটি হলুদ কার্ড দেখেন। সম্পূর্ণ ম্যাচে জুলফিকার বেশ কয়েকটি ভালো সেভ করেন, সুতরাং এই হলুদ কার্ডটি ইস্টবেঙ্গলের কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেললো এদিন।
প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে সুযোগ বেশি পেলেও ইস্টবেঙ্গল তা কাজে লাগাতে পারেনি,ফলে ম্যাচের ফলাফল হয় ১-০। এদিন ম্যাচের সেরা নির্বাচিত হন ইস্টবেঙ্গলের রোমিন গোলদার। যিনি শেষ ম্যাচে ইউনাইটেডের বিরুদ্ধে গোলও পেয়েছিলেন। ৭ তারিখ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্যায়ের ইস্ট-মোহন ডার্বি, তা নিয়েও আশাবাদী জানালেন রোমান। সবমিলিয়ে এখন দেখার ডার্বির আগে কতটা নিজেদের প্রস্তুত করতে পারে ইস্টবেঙ্গল!
