সৌরভ রায়,অঙ্কিত ঘোষ- প্রতিনিধি
ময়দান আপডেট: দরজায় কড়া নাড়ছে আইএসএল। আর মাত্র ৮ দিনের অপেক্ষা। ইন্ডিয়ান সুপার লিগ ঘিরে সমস্ত দলই নিজেদের শেষ মুহূর্ত্বের অনুশীলনে ব্যস্ত। আর কলকাতায় মোহনবাগান দলের কোচের দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার সাংবাদিক সম্মেলনে যুবভারতীর কনফারেন্স রুমে মুখোমুখি হলেন সার্জিও লোবেরা। স্পষ্ট করে দিলেন নিজের আসন্ন আইএসএলের লক্ষ্য ও রণনীতি। তিনি দীর্ঘদিন ভারতের বিভিন্ন দলের হয়ে কোচের দায়িত্ব সামলেচ্ছেন। ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচের তকমা দেওয়া যেতে পারে সার্জিও লোবেরাকে। হাতের তালুর মতো চেনেন ভারতীয় ফুটবলকে। গত মরসুমে ওড়িশা এফসির কোচের দায়িত্ব সামলেচ্ছেন তিনি। আর এবার মোলিনার বিকল্প হিসাবে লোবেরাকে বেছে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। গত মরসুমে মোহনবাগান একইসঙ্গে আইএসএল ট্রফি ও শিল্ড জয় করে নয়া ইতিহাস রচনা করেছে। ফলে সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশা এখন হাজারোগুন বেড়ে গিয়েছে। পাশাপাশি মোলিনার হাত ধরে ডুরান্ড থেকে সুপার কাপে দলের ব্যর্থতার পর, লোবেরার হাত ধরে আবারও সাফল্যে ফেরার স্বপ্ন দেখছেন মেরিনার্সরা।

(সৌম্য দাশ, চিত্র সাংবাদিক)
মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা যে কতটা আকাশছোঁয়া তা বেশ জানেন বার্সেলোনার কোচের দায়িত্ব সামলানো লোবেরা। ফলে প্রথমদিন সাংবাদিক সম্মেলন করতে এসে দেশের সেরা ক্লাব মোহনবাগানের কোচের দায়িত্ব সামলানোর কাজটা যে বেশ কঠিন তা স্পষ্ট করে দিলেন তিনি। তবে সমর্থকদের প্রত্যাশার চাপটাকে তিনি উপভোগ করতে যে ভালোবাসেন তাও বুঝিয়ে দিলেন লোবেরা। একদা লিওনেল মেসি যখন ছোট, তখন বার্সলোনায় মেসিকে প্রশিক্ষণ করিয়েছেন তিনি। ফলে বার্সেলোনার ভঙ্গিতে আক্রমণাত্বক ফুটবলই যে তাঁর রণনীতি তাও স্পষ্ট বুঝিয়ে দিলেন বাগানের নয়া হেডস্যার।

আইএসএলে মোহনবাগানের প্রথম ম্যাচ থেকেই সাফল্যের ধারা অব্যাহত রাখাই চ্যালেঞ্জ লোবেরার। এবার তিনমাসে ছোট ফর্ম্যাটে আইএসএল। ফলে প্রত্যেকটা ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শুরু থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়ার জন্য ঝাঁপাবে মোহনবাগান। তবে দীর্ঘদিন ফুটবল বন্ধ থাকার পর ফুটবল ফিরছে, সেই প্রসঙ্গে লোবেরা জানান, “এই সমস্যার মধ্যে তো সমস্ত দলই পড়েছিল। সুতরাং এই পরিস্থিতিটা সব দলের ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। তবে গত একমাসে মোহনবাগান দল যে ভাবে অনুশীলন সেরেছে, তাতে প্রথম ম্যাচ থেকেই কেরালার বিরুদ্ধে সাফল্য পেতে মরিয়া মোহনবাগান “।
মোহনবাগানের দলে একাধিক তারকা ফুটবলার। ফলে প্রথম একাদশ সাজানো বেশ কঠিন তাও স্বীকার করে নিলেন লোবেরা। তিনি বলেন, “দলে প্রচুর ফুটবলার, দল সাজানো সত্যিই কঠিন। তবে প্রতিপক্ষ দল বুঝে প্রথম একাদশে পরিবর্তন করা হবে। সমস্ত ফুটবলারদের সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে। “পাশাপাশি দিমিকে কি দেখা যাবে প্রথম একাদশে? কারণ গত মরসুমে ম্যাকলারেন আসার পর সেভাবে গেম টাইম পান নি দিমি। অথচ একদা মোহনবাগান সমর্থকদের নয়ণের মণি হয়ে উঠেছিলেন দিমিত্রি। তবে গত মরসুমে অধিকাংশ ম্যাচেই মোলিনা তাঁকে শেষ কিছু মিনিট মাত্র খেলার সুযোগ দিয়েছেন। তবে এইবার দিমিকে ব্যবহার যে করবেন লোবেরা তা স্পষ্ট করে দেন। অন্যদিকে গুরুতর চোটের জন্য নেই আশিস রাই।

আর এদিন অনুশীলনে মোহনবাগান ফুটবলারদের ফিটনেস থেকে ছোট-ছোট পাস খেলানোর প্রশিক্ষণ দেন সবুজ-মেরুন কোচ। বেশ চনমনে মেজাজে দেখা গেল ফুটবলারদের। তবে এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন না অ্যালবার্তো রদরিগেজ। সামান্য শরীর খারাপ থাকায় অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। সবমিলিয়ে এখন দেখার মোহনবাগানের কোচ বদলের পর আইএসএলে কতটা ছন্দে ফিরতে পারে সবুজ-মেরুন বাহিনী।

