সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় ইলিয়াস পাশার মৃত্যু সংবাদে ময়দানে নেমে এসেছিল শোকের ছায়া। ইস্টবেঙ্গল ক্লাব বরাবরই তাঁদের প্রাক্তন খেলোয়াড়দের অবদানে ধুলোর প্রলেপ পড়তে দেয় না। ব্যতিক্রম হল না এবারেও। ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত অ্যাস্ট্রোটার্ফ উদ্বোধনের অনুষ্ঠানে মিশে গেল অতীতের প্রতি সন্মান এবং নতুন কে আহ্বান জানানোর এক রঙ। ইলিয়াস পাশার পরিবারের পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল ক্লাব। তাঁর স্ত্রী এবং কন্যার হাতে তুলে দেওয়া হল ১১ লক্ষ টাকার একটি চেক। তাঁর পরিবারের হাতে চেক তুলে দেন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের পাশাপাশি রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম।

পাশাপাশি একইসঙ্গে পাশা বেনিফিট ম্যাচের দিনেই ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত আ্যস্ট্রোটার্ফ গ্রাউন্ডের উদ্বোধন করা হল। নবনির্মিত অ্যাস্ট্রোটার্ফে ইলিয়াস পাশার স্মৃতির উদ্দেশ্যে বল পায়ে নামলেন বাইচুং ভুটিয়া সহ বহু প্রাক্তন ভারতীয় ফুটবলের রত্ন। কিংবদন্তি ফুটবলার ইলিয়াস পাশার জার্সি নম্বর ছিল ১৭। তাই লাল-হলুদ ১৭ নম্বর জার্সিতে এদিন ইস্টবেঙ্গল মাঠে ফেন্ডলি ম্যাচ খেলতে নামলেন মেহতাব হোসেন, রহিম নবি, মহম্মদ রফিক, বাইচুং ভুটিয়া,ব্যারেটো সহ বহু প্রাক্তন ও বর্তমান কিংবদন্তি তারকা ফুটবলাররা। এদিন দুটি ম্যাচ খেলা হয় পাশার স্মরণে।

প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল স্টার্স বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডস। দুদলকে নেতৃত্ব দেন যথাক্রমে তুষার রক্ষিত এবং বিকাশ পাঁজি। দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম এফপিআই। নেতৃত্বের আর্মব্যান্ড যথাক্রমে বাইচুং ভুটিয়া এবং হোসে রামিরেজ ব্যারেটোর। তাঁরা সকলেই পাশার ফুটবলের অবদানের কথা স্মরণ করে আবেগতারিত হয়ে পড়েন। সবমিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাব আজ যেন ইলিয়াস পাশাকে বিদায় নয় তাদের নতুন সৃষ্টির মধ্যেই বেঁধে রাখল।
আইএসএলের হোম ভেন্যু ঘিরে ইস্টবেঙ্গল বনাম ইমামি তরজা প্রকাশ্যে!
