ময়দান আপডেট: ১২৩ রানে ৪ উইকেট, ১৫৩ রানে ৫ উইকেট থেকে ৩১৮ রানে ৬ উইকেট ! কি দেখে অবাক লাগছে? কোথায় এমন বিরাট পার্টনারশিপ গড়ে উঠেছে! আসলে কল্যাণীতে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলার দল যখন একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছে, ঠিক সেই সময়ই একটা অনবদ্য পার্টনারশিপ গড়ে তুললেন সুদীপ কুমার ঘরামি ও সুমন্ত গুপ্ত। তাঁদের যুগলবন্দিতে দলের ব্যর্থতা কাটিয়ে, এখন তৃতীয় দিনের শেষে সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলার ছেলেরা। তার কারণ প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের তোলা ২৯৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৪১৮ রানে ৬ উইকেট। হাতে আছে আর দুইদিন। ফলে ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের থেকে লিডে বাংলা অনেক এগিয়ে থাকায় নিশ্চিত ভাবে বাংলা সেমিফাইনালে জায়গা করে নেবে।

তবে বাংলা এই ম্যাচ এখন যা পরিস্থিতি তাতে জয় লাভ করতেই পারে। কারণ বাংলার শামি-আকাশ-মুকেশ-শাহবাজদের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে দ্বিতীয় ইনিংসে অন্ধ্রপ্রদেশ দ্রুত অলআউট হয়ে গেলে ম্যাচ জিতে সেমিতে পৌঁছে যাবে বাংলা।

আর বাংলার দলের এই অবিশ্বাস্য সাফল্যের নায়ক নিসন্দেহে নৈহাটির ছেলে সুদীপ ঘরামি। দেড় দিন ধরে দাঁড় কামড়ে নিজের উইকেট আগলে রেখে বাংলাকে একটা বড় স্কোর গড়ে দিলেন তিনি। ম্যাচের তৃতীয় দিনের শেষে তিনি অপরাজিত ৪৫১ বলে ২১৬ রানে। তাঁর ইনিংসে রয়েছে ২৭ টা বাউন্ডারি। পাশাপাশি তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দারুন লড়াই বীরভূমের ছেলে সুমন্ত গুপ্তর। তিনি করেন ১৬৭ বলে ৮১ রান। তাঁর ইনিংসে রয়েছে ৯ টা বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। আর সুদীপের সঙ্গে দিনের শেষে ১১৩ বলে ৪৫ রান করে অপরাজিত শাকির হাবিব গান্ধী। বাংলার স্কোর ৪১৮ রানে ৬ উইকেট। তারা অন্ধ্রের থেকে এগিয়ে ১২৩ রানে।
ভারতের বিরুদ্ধে প্রথম দিনেই নজর কাড়ল USA, যদিও ২৯ রানে জয়ী ভারত
