ময়দান আপডেট: আইএসএল শুরুর এক সপ্তাহ আগে অবশেষে সম্পূর্ণ লিগের ক্রীড়াসূচি ঘোষণা করল ফেডারেশন। এর আগে আংশিক ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছিল। অংশগ্রহণকারী দলগুলি তাদের হোম ভেন্যু নিশ্চিত করে ফেডারেশনকে না জানানোই সম্পূর্ণ ক্রীড়াসূচি সামনে আনতে পারছিল না ফেডারেশন। অবশেষে শনিবার রাতে সমস্ত দলের থেকে হোম ভেন্যুর তালিকা জানতে পারার পরেই, ইন্ডিয়ান সুপার লিগের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি অফিসিয়াল ভাবে প্রকাশ করা হল। আর ফেডারেশনের ঘোষণা করা আইএসএলের ক্রীড়াসূচি প্রকাশ্যে আসতেই বাংলার তিন প্রধানের অন্যতম দল ইস্টবেঙ্গলের হোম ভেন্যু ঘিরে নয়া বিতর্ক আরও জোরদার হল। কারণ কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার স্পষ্ট জানিয়েছিলেন, ইমামি যদি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ যুবভারতীতে না করে কিশোরভারতীতে করে তাহলে তিনি এবং ইস্টবেঙ্গল ক্লাবের কোনও কর্মকর্তাই খেলা দেখতে মাঠে যাবেন না। কারণ ইস্টবেঙ্গলের এত বিশাল সংখ্যক সমর্থক, আর সেখানে কিশোরভারতী স্টেডিয়ামে মাত্র ৬ থেকে ৮ হাজার দর্শক খেলা দেখতে পারবেন! এতদিন অপেক্ষা করে আছেন সমর্থকরা। দীর্ঘদিন পর বহু টালবাহানা মিটিয়ে আইএসএল ফিরছে, সমর্থকরা মাঠে গিয়ে খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অথচ যদি কিশোরভারতী স্টেডিয়ামে খেলা হয় তাহলে সমর্থকরা ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন। সমর্থকরাই যদি খেলা দেখতে না পারে তাহলে কর্মকর্তারা মাঠে গিয়ে কি করবে? এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন নিতু সরকার।

তবে ইমামির উপর ভরসা রেখেছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। অথচ ক্লাবের সমর্থকদের এবং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কথাকে কোনও মূল্য না দিয়ে শেষ পর্যন্ত কিশোরভারতী স্টেডিয়ামকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে বেছে নিল ইমামি। আর সেখানেই নতুন করে ইস্টবেঙ্গল ক্লাব বনাম ইমামির বিরোধ আরও জোরাল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেল। শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালরা নয়, ইস্টবেঙ্গলের মতো বড় দলের ম্যাচ কিশোরভারতীতে হতে পারে না! এমনটাই জানিয়েছেন রহিম নবি, বাইচুং ভুটিয়া থেকে বহু প্রাক্তন ফুটবলাররাও।

ফেডারেশনের ঘোষণা করা আইএসএলের ক্রীড়াসূচিতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং বাংলার দুই প্রধান দলই আইএসএলে সমস্ত ম্যাচ খেলবে কিশোরভারতী স্টেডিয়ামে। আর মোহনবাগান খেলবে যুবভারতী স্টেডিয়ামে। সেই অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল আইএসএল অভিযান শুরু করবে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কিশোরভারতী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭-টায়। আর মহামেডান প্রথম ম্যাচ খেলবে ১৫ তারিখ জামশেদপুরের বিরুদ্ধে টাটা স্পোর্টস কমপ্লেক্সে, যেটা জামশেদপুরের হোম ম্যাচ। মহামেডান প্রথম হোম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি কিশোরভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গলের দ্বিতীয় হোম ম্যাচ ২১ ফেব্রুয়ারি স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে কিশোরভারতীতে। তবে এই ক্রীড়াসূচি সামনে আসার পর যথেষ্ট হতাশ ইস্টবেঙ্গল সমর্থকদের পাশাপাশি লাল-হলুদ ক্লাবের কর্মকর্তারাও।

অন্যদিকে উল্লেখ্য এই মরসুমে আপাতত পাঁচ বিদেশী ফুটবলার নিয়েই আইএসএলে নামতে চলেছে ইস্টবেঙ্গল। যেখানে অন্যান্য সমস্ত দল ৬ বিদেশী ফুটবলার নিয়ে খেলবে সেখানে ইস্টবেঙ্গল খেলবে ৫ বিদেশী নিয়ে! যা যথেষ্ট চিন্তার কারণ হতে পারে দলের জন্য। কারণ হামিদ ও হিরোসিকে ইস্টবেঙ্গল বিদায় জানানোর পর ইস্টবেঙ্গলের দলে ছিলেন চার বিদেশী( মিগুয়েল,রশিদ,সাউল ও কেভিন)। অনেকদিন অপেক্ষার পর সদ্য দলে যুক্ত হয়েছেন পঞ্চম বিদেশী স্প্যানিশ ফরওয়ার্ড Youssef Ezzejjari। নয় নম্বর জার্সিতে আইএসএলে মাঠে নামবেন তিনি। তবে এখনও ষষ্ঠ বিদেশী আনতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। ফলে দলে বিদেশী ফুটবলারের অভাবে ইস্টবেঙ্গল আবারও আইএসএলে বিপাকে পড়ে কিনা এখন সেটাই দেখার।
সিআর সেভেন ভক্ত রোমিনের গোলে আবারও ডার্বিতে আটকে গেল মোহনবাগান, শীর্ষে ইস্টবেঙ্গল
