ময়দান আপডেট: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার নির্ধারিত একদিন আগেই নিশ্চিত হয়ে গেল তিন সেমিফাইনাল দলের নাম। সোমবারই তিন সেমিফাইনাল দলের নাম হাতে পেয়ে গেছে বিসিসিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালে খেলতে নামতে চলেছে উত্তরাখন্ড ও কর্ণাটক। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে জম্মু-কাশ্মীর। তবে জম্মু-কাশ্মীরের প্রতিপক্ষ চতুর্থ দল কারা তা জানা যাবে মঙ্গলবার। আর কাগজে-কলমে নিশ্চিত না হলেও, রঞ্জির সেমিফাইনালে যে বাংলা জায়গা করে নিতে চলেছে তা চতুর্থ দিনের শেষেই স্পষ্ট হয়ে গিয়েছে। মঙ্গলবার শেষ দিনে কার্যত অন্ধ্রপ্রদেশের বিদায় নেওয়া সময়ের অপেক্ষা।

প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশ তোলে ২৯৫ রান। ৮৩ রানের ভালো ইনিংস খেলেছিলেন রিকি ভুঁঞ। তবে জবাবে বাংলা ব্যাট করতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারিয়ে বাংলা ব্যাকফুটে চলে গেলেও, বাংলার ইনিংসের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়ালেন বাংলার তারকা ব্যাটার সুদীপ কুমার ঘরামি। অবিশ্বাস্য ইনিংস দলকে উপহার দিলেন সুদীপ ঘরামি। টানা দুইদিন ধরে উইকেট আটকে পিচে ব্যাট করে গেলেন সুদীপ। ভাঙলেন রঞ্জির ইতিহাসে বহু তারকা ব্যাটারদের রেকর্ড। একের পর এক মাইলস্টোন স্পর্ষ করে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি অতিক্রম করে সেঞ্চুরির হ্যাটট্রিকের সামনে গিয়ে ১ রান দূরে থামলেন সুদীপ। হয়তো ভাগ্য দেবতা সহায় ছিলেন না! তাই ৩০০ রানের মাইলস্টোন ছোঁয়া হল না ঘরামির। তবে ৫৯৬ বলে ২৯৯ রানের স্বর্ণাজ্জ্বল এক রূপকথার মতো ইনিংস দলকে উপহার দিলেন সুদীপ ঘরামি। তাঁর ইনিংস সাজানো ছিল ৩১ টা চার ও ৬ টা ছয় দিয়ে। পাশাপাশি ৮১ রান করলেন সুমন্ত গুপ্ত এবং ৯৫ রানের ইনিংস খেললেন শাকির হাবিব গান্ধী। আর শেষবেলায় ব্যাট হাতে ঝড় তুললেন মহম্মদ শামি। করলেন ৩৩ বলে ৫৩ রান। সবমিলিয়ে বাংলার স্কোর ৬২৯ রান। ফলে অন্ধ্রপ্রদেশের থেকে প্রথম ইনিংসের লিডে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলা।

আর এবার বাংলার রঞ্জি জয়ও সময়ের অপেক্ষা। কারণ চাপের মুখে থাকা অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে হার নিশ্চিত করে ফেলেছে। অপরাজিত রিকি ভূঁঞ ও নীতীশ কুমার রেড্ডি। ফলে বর্তমানে যা পরিস্থিতি তাতে চতুর্থ সেমিফাইনালে দেখা যাবে জম্মু-কাশ্মীর বনাম বাংলার লড়াই।

উল্লেখ্য প্রথমবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছল জম্মু ও কাশ্মীর। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৬ রানে জয়ের পর ইতিহাস গড়েছে তারা। অনবদ্য পেস বোলিংয়ের দাপট দেখিয়েছেন আকিব নবি। প্রথম ইনিংসে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। মোট ১২ উইকেট। ফলে সেমিতে বাংলাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে তৈরি জম্মু। অন্য কোয়ার্টার ফাইনালে কেএল রাহুলের দাপুটে সেঞ্চুরির সৌজন্যে মুম্বইকে তাদের ঘরের মাঠে ৪ উইকেটে হারিয়ে শেষ চারে পৌঁছেছে কর্নাটক। অন্যদিকে ইনিংস সহ ৬ রানে ঝাড়খন্ডকে হারিয়ে সেমিতে উঠে এসেছে উত্তরাখন্ড। ফলে এখন দেখার শেষ চারের লড়াইয়ে কারা করে বাজিমাৎ!
বিশ্বকাপের দ্বিতীয় দিনে হারলেও চমক নেপালের, আফগানদের হারিয়ে জয়ী কিউয়িরা
