উন্মেষ চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: অবশেষে নানান টালবাহানা কাটিয়ে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের টপ ডিভিশন লিগ আইএসএল। তবে এবার লিগের পরিচালনার দায়িত্ব এফএসডিএল নয়, দায়িত্ব পালন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর এই মরসুমের প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার দিনে যুবভারতীতে এই ম্যাচের মাধ্যমেই শুরু হতে চলেছে আইএসএল।

মোহনবাগান গতবারের চ্যাম্পিয়ন দল, বরাবরই শক্তিশালী দল গঠন করে থাকে সবুজ মেরুন শিবির। তবে গত মরসুমে এসিএল চ্যাম্পিয়ন লিগ টু না খেলতে যাওয়ায় যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল ভারতীয় ফুটবল মহলে, তারই বাড়তি চাপ থাকবে দলের প্রত্যেকটি প্লেয়ারের ওপর। বরাবরই শক্তিশালী দল গঠন করে থাকে তারা। আইএসএল অনিশ্চিত থাকার দরুন যখন একাধিক ক্লাব তাদের প্লেয়ারদের স্যালারি কমানোর কথা বলেছিল। তখন মোহনবাগান প্লেয়ারদের স্যালারি নিয়ে কখনোই আলোচনায় বসেনি ম্যানেজমেন্ট। সুদক্ষ ম্যানেজমেন্ট ও পেশাদার পরিকাঠামোর জন্যই এই দল পেয়েছে এত সাফল্য। এই মরসুমে সেই সাফল্য ধরে রাখতে মরিয়া মোহনবাগান। বিদেশি ফুটবলারের কোনও রকমে পরিবর্তন করেননি দলটির কোচ সার্জিও লোবেরা। তবে তার মোহনবাগানে রয়েছে একটি চিন্তার খবর। দলের দীর্ঘদিন ধরে খেলা রাইট ব্যাক আসিস রাই চোটজনিত সমস্যায় মাঠের বাইরে। ফলে তড়িঘড়ি করে কেরালা ব্লাস্টার্স থেকে নিয়ে আসা হয় অভিজ্ঞ রাইট ব্যাক অময় রানাওডেকে। মরসুমের প্রথম ম্যাচেই ঘরের মাঠে নিজের সমর্থকদের সামনে জয় তুলে নিতে চাইবে মোহনবাগান।

অন্যদিকে কেরালা ব্লাস্টার্স এই মরসুমের আইএসএলের টালবাহানায় ক্ষতিগ্রস্ত দলের মধ্যে অন্যতম। ফুটবলজনিত কার্যক্রম স্থগিত, বিভিন্ন টুর্নামেন্টের দল না পাঠানো, একাধিক বিদেশি প্লেয়ারকে ছেড়ে দেওয়া, দলের অভিজ্ঞ ও দীর্ঘদিনের ফ্যান ফেভারিট প্লেয়ার আদ্রিয়ান লুনাকেও লোনে বিদেশের ক্লাবে খেলতে পাঠানো, এগুলোই প্রকাশ করে কেরালা ব্লাস্টার্স এই মরসুমে কতটা ক্ষতির সম্মুখীন। তবে ভারতবর্ষে এশিয়ান ফুটবলে বর্তমানে কেরালা ব্লাস্টার্স ফ্যানবেসের দিক দিয়ে একটি বড় নাম। তাদের হোম গ্রাউন্ড কোচিতে প্রতি ম্যাচেই হলুদ সমুদ্রের জলজোয়ার দেখা যায় প্রতি মরসুমেই। তবে বুকে হলুদ রং ধারণ করা এই সমর্থকদের দীর্ঘদিনের চাহিদা একটি সর্বভারতীয় ট্রফি। তবে এই মরসুমে কি কেরালা ব্লাস্টার্স পারবে তাদের ফ্যানদের এই চাহিদা পূরণ করতে!

কেরালার প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মতো দল। যে দলে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, রবসন রবিনহো, আলবার্তো রদ্রিগেজের মতো তারকা প্লেয়ারদের সঙ্গে রয়েছে সাহাল, লিস্টন, মনবীর, বিশাল কাইথের মত ভারতীয় ফুটবলের বর্তমান মহারথীরা। কেরালা ব্লাস্টার্স বনাম মোহনবাগান প্রতিবারই যেন এক রোমোহর্ষক ম্যাচ উপহার দেয় ফুটবল প্রেমীদের। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের তর্ক বিতর্ক, নিজেদের ফ্যানবেসেকে ভারতের বৃহত্তম ফ্যান বেস স্বীকৃতির দাবি সবকিছু মিলিয়ে এই ম্যাচকে ভারতীয় ফুটবলের এল ক্লাসিকো বললেও ভুল বলা হবে না। এ যেন রুই পরাশক্তির মুখোমুখি লড়াই। যেখানে গোটা ৯০ মিনিট জুড়েই থাকে টানটান উত্তেজনা। তবে সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে সবুজ মেরুন শিবির। তবে ভিবিন মোহানন, কোরো সিং-এর মতো তারুণ্যে ঠাসা কেরালা ব্লাস্টার্সকে সমীহ করে চলতেই হবে মোহনবাগানকে। বলা চলে সিজনের প্রথম ম্যাচই জমজমাটি ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে।
প্রথমবার রঞ্জির সেমিতে জম্মু-কাশ্মীর, বাংলার ঘরেই মাঠেই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত
