সৌরভ রায়, প্রতিনিধি
ময়দান আপডেট: অবশেষে দেশের ফুটবল প্রেমীদের জল্পনার অবসান। সাধারণত অন্যান্য বছর ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয় পুজোর আগে সেপ্টেম্বর-অক্টোবরে। কিন্তু এই বছর এফএসডিএল সরে যাওয়ায়, আইএসএল আয়োজন করা কি সম্ভব সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বহু টানাপোড়েন, দফায়-দফায় একাধিকবার ফেডারেশনের সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠক, ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ, চিঠি চালাচালি বহু নাটকের পর অবশেষে ফিরল আইএসএল। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনেই ফুটবলের মক্কা যুবভারতীতে বিকেল ৫-টায় বল গড়াল আইএসএলের। প্রথম ম্যাচে সম্মুখসমরে মোহনবাগান ও কেরালা ব্ল্যাস্টার্স। আর এদিন ম্যাচের শুরু থেকেই ঘন-ঘন কেরালার পোস্ট লক্ষ্য করে আক্রমণে উঠতে থাকে সবুজ-মেরুন ফুটবলাররা। এদিন দিমিত্রি পেত্রাতোস ও জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে রেখে দল সাজান সার্জিও লোবেরা। কামিংসকে রাখা হয় রিজার্ভ বেঞ্চে।

ম্যাচের একদম শুরুতেই ৬ মিনিটে গোলের সুযোগ তৈরি করলেও, কাজে লাগাতে পারেননি দিমি। এরপর ১৩ মিনিটে লিস্টনের বাড়ানো বলে আবারও সুযোগ হাতছাড়া করেন পেত্রাতোস। ১৬ মিনিটে মাঝমাঠ থেকে রবসনের লম্বা শটে কেরালার কিছুটা বিপদে পড়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও কেরালার গোলরক্ষক শচীন সুরেশ রুখে দেন রবসনের আক্রমণ। ম্যাচের ২৭ মিনিটে কেরালা একটা ভালো সুযোগ তৈরি করে। তাঁদের স্প্যানিস ফুটবলার বারতুমি আক্রমণে যান কিন্তু রুখে দেন বিশাল কাইথ। ৩১ মিনিটে ফ্রিকিক থেকে গোলের সুযোগ তৈরি করেন লিস্টন। কিন্তু গোল আসেনি। একাধিক গোলের সুযোগ নষ্ট করলেও, খেলার ৩৬ মিনিটে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি জেমি ম্যাকলারেন। দিমির বাড়ানো বলে এবারের আইএসএলের প্রথম গোল করলেন জেমি। ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

এরপরও প্রথমার্ধের শেষের দিকে একাধিকবার কেরালা পোস্ট লক্ষ্য করে সবুজ-মেরুন ফুটবলাররা আক্রমণে গেলেও, কোনও গোল আসেনি। ১ গোলে শেষ হয় খেলার প্রথমার্ধ।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই শুভাশিসকে পরিবর্তন করে দ্বিতীয়বার মোহনবাগানে ফিরে সবুজ-মেরুন জার্সিতে প্রথম ম্যাচে নামেন আমে রানাওয়াডে। তবে মাঠে নেমেই ম্যাচের নায়ক হয়ে উঠতে পারতেন রানাওয়াডে। কিন্তু ভাগ্য সহায় হল না। ফলে ৫৩ মিনিটে সুযোগ তৈরি করেও গোল মিস করেন তিনি। এদিন ম্যাচে মোহনবাগানের আক্রমণ রুখতে সম্পূর্ণ ডিফেন্সিভ ভূমিকায় দেখা গেল কেরালার ফুটবলারদের। তবে এরপর ৬৮ মিনিটে লিস্টনের দূরপাল্লার শটে বিপদ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিলেও, গোল আসেনি।
প্রথমবার বিদেশী ফুটবলার ছাড়া আইএসএলে নামছে কোন দল! যদিও আত্মবিশ্বাসী মেহেরাজ
৮০ মিনিটে জোড়া পরিবর্তন করে মোহনবাগান। মেহেতাব সিং জায়গায় মাঠে আসেন টম অলড্রেড এবং দিমির জায়গায় নামেন সাহাল আব্দুল সামাদ। ৮৩ মিনিটে লিস্টনের জায়গায় নামানো হয় মনবীরকে। এরপর একাধিববার মোহনবাগানের পোস্ট লক্ষ্য করে আক্রমণে যান কেরালার ফ্রান্সের ফুটবলার কেভিন ইওকে। ৮৬ মিনিটে ফ্রিকক থেকে গোলের জন্য সুযোগ পায় কেরালা। তাদের জার্মান ফুটবলার মারলন শট মারেন, যদিও তা কার্যকরি হয়নি। এরপর ৮৭ মিনিটে ম্যাকলারেনের জায়গায় মাঠে আসেন জেসন কামিংস। ফলে এই নিয়ে একই ম্যাচে চারবার অধিনায়ক বদল হল মোহনবাগানের। প্রথমে শুভাশিস, শুভাশিস উঠে যেতে দিমি, দিমি উঠে যেতে অধিনায়ক ব্যান্ড পরেন ম্যাকলারেন, এরপর ম্যাকলারেন উঠতেই অধিনায়কের দায়িত্ব পান অনিরুদ্ধ থাপা। এরপর ম্যাচের একদম শেষ লগ্নে থাপার ফ্রিকিকে গোল করেন টম অলড্রেড। ফলে আইএসএলের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল সবুজ-মেরুন বাহিনী।
