সৌরভ রায়, প্রতিনিধি
ময়দান আপডেট: হাওড়ার বাগনানের বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টার দেখতে-দেখতে সাত বছরে পদার্পণ করেছে। গ্রামীণ এলাকার ছোট-ছোট ছেলেদের ভবিষ্যতের বড় তারকা ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছে এই অ্যাকাডেমির দুই কোচ অনিন্দিতা ও অপূর্ব সহ এই অ্যাকাডেমির বিভিন্ন কর্মকর্তারা। নিজেদের মাঠে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা রয়েছে। মাঝে-মধ্যে ম্যাচও খেলার আয়োজন করা হয়। এমনকি এই অ্যাকাডেমির বিভিন্ন বয়সি ছেলেরা সিএবির বিভিন্ন ডিভিশনেও খেলছে। আর রবিবার বাগনানের বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টারে একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। তার কারণ এদিন তাঁদের অ্যাকাডেমিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির কোচ প্রবাদপ্রতীম জনপ্রিয় ব্যক্তি কেশব রঞ্জন ব্যানার্জী।

ভারতীয় তথা বিশ্ব ক্রিকেট এককথায় চেনেন শচীন তেন্ডুলকরকে, কিন্তু শচীনের শচীন হয়ে ওঠার নেপথ্য কারিগর রমাকান্ত আচারেকারকে অনেকেই জানেন না। ঠিক তেমনি ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে সমাদৃত এমএস ধোনি। অথচ এই মাহির ক্রিকেটার হয়ে ওঠার পিছনে যে মানুষটার অবদান ছিল সেই কেশব রঞ্জন ব্যানার্জীর সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। শিষ্যদের জনপ্রিয় করে তোলেন রমাকান্ত আচারেকর, কেশব ব্যানার্জীদের মতো কিংবদন্তি গুরুরাই। ধোনির ছোটবেলায় রাঁচিতে ক্রিকেট প্রশিক্ষণের সূচনা হয়েছিল কেশব ব্যানার্জীর হাত ধরেই। তিনিই একদিন উপলব্ধি করেছিলেন এই ছেলেটা হয়ে উঠতে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের আইকন। ধোনিকে উইকেটকিপিং থেকে ব্যাটিং সব বিষয়ে যোগ্য প্রশিক্ষণ দিয়েছিলেন কেশব বাবু। আর এদিন সেই ধোনির কোচ কেশব ব্যানার্জী উপস্থিত হয়েছিলেন বাগনানের বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টারে।

কেশব ব্যানার্জীর মতো স্বনামধন্য মানুষকে সামনে পেয়ে আবেগে ভাসলেন অ্যাকাডেমির ক্রিকেটার, কোচ থেকে অভিভাবক এবং অন্যান্য সদস্যরা। ধোনির কোচকে সাদরে বরণ করে নেন তারা। পাশাপাশি এদিন দেখা যায় প্রায় একঘণ্টা মাঠে দাঁড়িয়ে অ্যাকাডেমির ছেলেদের ক্রিকেট প্রশিক্ষণ দেন এবং তাদের প্রশ্নের সমাধান করেন কেশব বাবু।

এদিন অ্যাকাডেমিতে একটি ফ্রেন্ডলি ম্যাচেরও আয়োজন করা হয়। সেই ম্যাচে জয় লাভ করে বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টার। মাঠে বসে ছোট-ছোট ছেলেদের খেলা দেখে বেশ খুশি কেশব রঞ্জন ব্যানার্জী। ক্রিকেটারদের খেলার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন তিনি। আর অ্যাকাডেমির সদস্যদের আতিথেয়তায় মুগ্ধ এমএসডির কোচ কেশব বাবু। ধোনির ছোটবেলার বিভিন্ন গল্পও তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে।

এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্বনামধন্য বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিরা। আর কেশব ব্যানার্জী জানান, ভবিষ্যতে দরকার হলে তিনি এই অ্যাকাডেমিকে সমস্ত রকম সহযোগিতা করবেন। সবমিলিয়ে ধোনির কোচকে ঘিরে রবিবার জমাজমাট সেলিব্রেশন মুডে পাওয়া গেল এই অ্যাকাডেমির সমস্ত সদস্য থেকে ক্রিকেটারদের।
৬১ রানে একতরফা ম্যাচে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত ভারতের, তৃতীয় স্থানে পাকিস্তান
