ময়দান আপেডট: টি-২০ বিশ্বকাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আমেদাবাদের উইকেটে নেদারল্যান্ডের বিরুদ্ধে কিছুটা নিজেদের ঝালিয়ে নিল টিম ইন্ডিয়া। তার কারণ এই আমেদাবাদের মাটিতেই আগামী ২২ ফেব্রুয়ারি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য শেষ আটের লড়াইয়ে ভারতের গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। ফলে এই তিন দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। অপরদিকে গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তারাও একে অপরের বিরুদ্ধে খেলবে। ফলে বুধবার আমেদাবাদের উইকেট কন্ডিশনের সঙ্গে নিজেদের কিছুটা পরিচিত করে নিলেন ভারতীয় ক্রিকেটাররা নেদারল্যান্ডের বিরুদ্ধে।

গ্রুপের শেষ ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং ভারতীয় ব্যাটারদের। যদিও ভারতের ইনিংসের শুরুটা বুধবার খুব একটা আহামরি ছিল না। ০ রানেই বোল্ড হয়ে যান অভিষেক শর্মা। ৭ বলে ১৮ রানে ফিরে যেতে হয় ইশান কিশানকেও। তবে ভালো লড়াই চালান তিলক বর্মা ও সূর্যকুমার যাদব। তিলক করেন ৩১ রান, সূর্য ৩৪ রান যোগ করেন।

আর ব্যাট হাতে এদিন ঝড় তুললেন শিবম দুবে। তিনি ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৪ টে চার ও ৬ টা ছয়। পাশাপাশি হার্দিক পান্ডিয়া করেন ২১ বলে ৩০ রান। ভারত তোলে ৬ উইকেটে ১৯৩ রান।

আর জবাবে ব্যাট করতে নেমে কিছুটা লড়াই করার চেষ্টা করে নেদারল্যান্ড। তবে ভারতের বোলিং এর সামনে অত্যন্ত মন্থর গতিতে ব্যাট করতে থাকেন অরেঞ্জ আর্মিরা। কিন্তু ডাচদের ইনিংসে ঘূর্ণির ম্যাজিকে ভাঙন ধরিয়ে দেন বরুণ চক্রবর্তী। তিনি বলে এসে তুলে নেন পর-পর উইকেট। কার্যত হ্যাটট্রিকের সুযোগ চলে আসে বরুণের সামনে। যদিও হ্যাটট্রিক মিস করেন নাইটদের রহস্যময় স্পিনার। কিন্তু ভারতীয় বোলারদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় নেদারল্যান্ডের ব্যাটারদের। তাদের হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন বাস দে লেড। তবে ২৩ বলে ৩৩ রানে লেডের ইনিংসের সমাপ্তি করে দেন শিবম দুবে।

শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে মরিয়া লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হল না ডাচদের। লায়ন ক্যাশে ও ক্রোয়েস রানের ব্য়বধান কমানোর অনেকটাই চেষ্টা করেন। তবে ২০ ওভারে তারা তোলে ৭ উইকেটে ১৭৬ রান। শেষ ম্যাচে নেদারল্যান্ডকে ১৭ রানে হারিয়ে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। ফলে গ্রুপ শীর্ষে থেকে ৪ ম্যাচেই জয় লাভ করে, শেষ আটের লড়াইয়ে নামবে সূর্যকুমার যাদবের দল।
