ময়দান আপডেট: ভারতীয় ক্রিকেটে ২০২৫-২৬ মরসুমে গৌরবের অধ্যায় জম্মু-কাশ্মীরের ক্রিকেট বোর্ডের জন্য। প্রথমে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জম্মু-কাশ্মীরের প্রাক্তন ক্রিকেটার মিঠুন মনহাস ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করেন। আর এবার ২০২৬ সালের শুরুতেই ইতিহাস গড়ল জম্মু-কাশ্মীর ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর লাল বলের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টে প্রথমবার সেমিফাইনাল খেলেই, সরাসরি ফাইনালে জায়গা করে নিল জম্মু-কাশ্মীর। আর মাত্র একটা লড়াইয়ে অপেক্ষা। রঞ্জির ফাইনালেও জিততে মরিয়া জম্মু-কাশ্মীর। প্রথমবার রঞ্জি ট্রফি জয়ের স্বাদ পেতে মুখিয়ে রয়েছে উত্তর ভারতের দেশের সীমান্তবর্তী রাজ্যের ক্রিকেট বোর্ড।

এবারে গোটা রঞ্জির মরসুম জুড়ে অনবদ্য সাফল্য দেখিয়েছে জম্মু-কাশ্মীর। তাঁদের দলে তারকাখচিত বড় নাম, বড় চমক কোনওটাই ছিল না। ফলে সমর্থকদের বিশাল প্রত্যাশার চাপও ছিল না। অনেকটাই টেনশেন ফ্রি মাইন্ডে রঞ্জি অভিযান শুরু করেছিল পরশ দোগরার নেতৃত্বে জম্মু-কাশ্মীর ক্রিকেট দল। তারা ছিল গ্রুপ ডি-তে। যেখানে ছিল হেভিওয়েট মুম্বই,দিল্লি, হায়দরাবাদ, ছত্রিশগড়, রাজস্থানের মতো দলরা। অথচ ওই গ্রুপের ডার্ক হর্স হয়ে ওঠে জম্মু-কাশ্মীর। গ্রুপ পর্বে সাত ম্যাচে হায়দরাবাদ, দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে তিন ম্যাচে জয় পায় তারা। হিমাচল প্রদেশ, পন্ডিচেরি, চন্ডিগড়ের বিরুদ্ধে ড্র করে জম্মু-কাশ্মীর। আর একটি ম্যাচে তারা পরাজিত হয় মুম্বইয়ের কাছে। ফলে ২৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় জম্মু-কাশ্মীর।

জম্মু-কাশ্মীর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মধ্যপ্রদেশের ঘরের মাঠে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইন্দোরে। অথচ সেখানেও নিজেদের আধিপত্য অব্যাহত রাখে আকিব নবি দার, সুনীল কুমার, পরশ দোগরারা। কোয়ার্টার ফাইনালে ৫৬ রানে মধ্যপ্রদেশকে হারিয়ে প্রথমবার রঞ্জির সেমিফাইনালে উঠে আসে জম্মু-কাশ্মীর। কোয়ার্টার ফাইনালে ১২ টা উইকেট নিয়ে ম্যাচের সেরা হন আকিব নবি। গোটা রঞ্জির মরসুম জুড়ে অনবদ্য সাফল্য দেখিয়েছেন জম্মু-কাশ্মীরের বারামুলার ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আকিব নবি। ব্যাট হাতেও যথেষ্ট সফল তিনি। আকিব নবির লাল বলের ক্রিকেটে রাজ্যের হয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল ২০২০ সালের ৩ জানুয়ারি ঝাড়খন্ডের বিরুদ্ধে। আর তাঁর লাল বলের ক্রিকেটে ৪০ টা ম্যাচে ৬৬ টা ইনিংসে তাঁর দখলে রয়েছে ১৫১ উইকেট। এই উঠতি প্রতিভাবান ফাস্ট বোলার গত কয়েক বছরে রীতিমতো নজর কেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ফলে আগামী দিনে ভারতীয় দলেও যে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার আকিব নবি দার, তা বলা যেতেই পারে।

আর রঞ্জি ট্রফির সেমিফাইনালেও জম্মু-কাশ্মীরকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আকিব নবি। বাংলার ঘরের মাঠে কল্যাণীতে শক্তিশালী বাংলার ব্যাটিংলাইনের সামনে বল হাতে আগুন ঝরালেন নবি। প্রথম ইনিংসে নিলেন ৫ উইকেট, আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট। পাশাপাশি ভারতীয় দলের হয়ে খেলা বাংলার স্টার বোলিং বিভাগে থাকা মহম্মদ শামি, আকাশদীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদের বলের সামনে ব্যাট হাতেও দলকে ভরসা যোগালেন নবি। খেললেন নজরকাড়া ৫৪ বলে ৪২ রানের ইনিংস। তার মধ্যে ছিল ৫ টা চার ও ১ টা ছয়। আর দ্বিতীয় ইনিংসে বাংলাকে মাত্র ৯৯ রানে অলআউট করে দিতেও জম্মু-কাশ্মীরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আকিব নবি ও সুনীল কুমার। ফলে বাংলাকে কল্যাণীতে ম্যাচের চতুর্থ দিনের সকালেই ৬ উইকেটে হারিয়ে, প্রথমবার ট্রফি জয়ের দোরগোড়ায় ফাইনালে জম্মু-কাশ্মীর। আর মাত্র একটা লড়াইয়ের অপেক্ষা।

বর্তমানে যা পরিস্থিতি ফাইনালে জম্মু-কাশ্মীরকে মুখোমুখি হতে হবে আরও শক্তিশালী দল কর্ণাটকের কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, দেবদূত পাড্ডিকাল, করুণ নায়ারদের মতো ব্যাটারদের। ফলে লড়াইটা যে মোটেও সহজ নয়, তা বেশ জানেন তারা। তবে বাংলার মতো দেশের সেরা বোলিং বিভাগের বিরুদ্ধে জয় পাওয়ার পর, এখন আত্মবিশ্বাস তুঙ্গে জম্মু-কাশ্মীরের। ফলে ট্রফি জিততে মুখিয়ে রয়েছেন অধিনায়ক পরশ দোগরার দল।
সৌরভের বাংলাকে কল্যাণীতে ঘরের মাঠে হারিয়ে, প্রথমবার রঞ্জির ফাইনালে মিঠুন মনহাসের জম্মু-কাশ্মীর
