Sunday, March 1, 2026
Homeফুটবলচেন্নাই ভালো প্রতিপক্ষ, তবে বড় ব্যবধানে সোমবার জয়ের খোঁজে লোবেরা

চেন্নাই ভালো প্রতিপক্ষ, তবে বড় ব্যবধানে সোমবার জয়ের খোঁজে লোবেরা

প্রথম ম্যাচে জয়ের পর প্রায় ৮ দিন অনুশীলনের সময় পেয়েছে মোহনবাগান ফুটবলাররা। যে সময়টা অনুশীলনে পুরোদমে কাজে লাগিয়েছেন দলের ছেলেরা। যা দলের খেলায় গুনগতমান অনেকটাই বাড়বে বলে সাংবাদিক সম্মেলনে জানান সার্জিও লোবেরা।

সৌরভ রায় ও অঙ্কিত ঘোষ, প্রতিনিধি 

ময়দান আপডেট: আইএসএলে নিজেদের প্রথম ম্যাচেই কেরালা ব্ল্যাস্টার্সের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্টাস। দলকে প্রথম ম্যাচেই গোল উপহার দেন জেমি ম্যাকলারেন ও টম অলড্রেড। ২-০ গোলে জিতে সফর শুরু করলেও, দলের ফুটবলারদের কাছে সমর্থকদের প্রত্যাশা ছিল আরও বেশ কিছুটা বেশি। ফলে এবার আরও বড় ব্যবধানে জয়ের খোঁজে সবুজ-মেরুন বাহিনী। এই মরসুমে আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নামছে সার্জিও লোবেরার দল। যে চেন্নাইয়ের দলে রয়েছেন প্রাক্তন মোহনবাগানের আইএসএল জয়ী অধিনায়ক প্রীতম কোটাল সহ অঙ্কিত মুখার্জী, রাজ বাঁশফোরের মতো একাধিক বাঙালি ফুটবলার। পাশাপাশি চেন্নাইয়ের দলে রয়েছেন বেশ কিছু তারকা বিদেশী ফুটবলার। ফলে চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইটা যে খুব একটা সহজ হবে না মোহনবাগানের জন্য তা স্পষ্ট করে দেন লোবেরা।

যদিও রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রথম ম্যাচ যে কোনও দলের জন্যই কঠিন হয়। দলের ফুটবলাররা প্রায় দেড় মাস অনুশীলনের সময় পেয়েছে, আর দলে প্রচুর তারকা ফুটবলার রয়েছেন। সুতরাং প্রথম ম্যাচের থেকে সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে অনেকটাই ভালো ফুটবল উপহার দেবে মোহনবাগান। কারণ প্রথম ম্যাচে খেলার পর দলের ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। আর এবারে আইএসএলে লিগের পয়েন্টের বিচারে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। ফলে সমস্ত ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে সবুজ-মেরুন বাহিনী।

 একদিকে মোহনবাগান যখন প্রথম ম্যাচে জিতে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামছে, ঠিক তখন উল্টোদিকে আইএসএলে নিজেদের প্রথম ম্যাচেই মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে চেন্নাই। যে ম্যাচে ভালো ফুটবল উপহার দিলেও, প্রীতম কোটালের আত্মঘাতী গোলে হেরে যায় চেন্নাইয়ান এফসি। তারমধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাইকে খেলতে হবে মোহনবাগানের মতো শক্তিশালী দলের ঘরের মাঠে, ফলে জয়ে ফেরার কাজটা বেশ চ্যালেঞ্জিং হবে চেন্নাইয়ের জন্য।

মোহনবাগানের অনুশীলনে এদিন সমস্ত ফুটবলারদের বেশ চনমনে মেজাজে দেখা গেল। হাসিখুশি মেজাজে দেখা গেল মজার গেমস খেললেন জেমি ম্যালকারেন, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস সহ সমস্ত ফুটবলাররা। অন্যদিকে এদিন নিউটাউনে চেন্নাইয়ের অনুশীলনে দেখা গেল, চেন্নাইয়ের গোলকিপারদের বিশেষ প্রশিক্ষণ দিলেন গোলকিপার কোচ। পাশাপাশি ফুটবলাররা নিজেদের মধ্যে ছোট-ছোট পাশ খেলা থেকে শুরু করে গোল করার প্রশিক্ষণে ব্যস্ত। উল্লেখ্য প্রথম ম্যাচে জয়ের পর প্রায় ৮ দিন অনুশীলনের সময় পেয়েছে মোহনবাগান ফুটবলাররা। যে সময়টা অনুশীলনে পুরোদমে কাজে লাগিয়েছেন দলের ছেলেরা। যা দলের খেলায় গুনগতমান অনেকটাই বাড়বে বলে সাংবাদিক সম্মেলনে জানান সার্জিও লোবেরা।

আবারও জোড়া গোল ইউসুফ হিজ্জেজারির, স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত লাল-হলুদের

অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে অময় রানাডে জানান, দ্বিতীয়বারের জন্য সবুজ-মেরুন জার্সিতে খেলার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। লোবেরার মতো অভিজ্ঞ কোচের অধীনে যতটা সময় মাঠে নেমে খেলার সুযোগ পাবেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি। সবমিলিয়ে সোমবার যুবভারতীতে চেন্নাইয়ের বিরুদ্ধে সবুজ-মেরুন ফুটবলারদের কাছে একটা বড় জয় পাওয়ার অপেক্ষায় মেরিনার্সরা। 

  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular