ময়দান আপডেট: বিশ্বকাপের মঞ্চে বড়সড় ধাক্কা টিম ইন্ডিয়ার। গ্রুপে চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ আটের লড়াইয়ে এদিন আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ফলে সকলেই প্রত্যাশা করেছিলেন ভারত অবশ্যই ফেভারিট। কিন্তু ভারতকে আটকে দিল প্রোটিয়ানরা। উল্লেখ্য সাউথ আফ্রিকাও গ্রুপে চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে এদিন ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। আর এদিন ব্যাট-বলে দুর্দান্ত ক্রিকেট উপহার দিলেন প্রোটিয়ান ক্রিকেটাররা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। তাদের ব্যাট করার সিদ্ধান্ত অবাক করেছিল সকলকেই। আসলে এই সিদ্ধান্ত যে কতটা ইতিবাচক ছিল তা প্রমাণ করে দিলেন তারা নিজেদের অসাধারণ ক্রিকেট প্রদর্শন করে। প্রথম ব্যাট করে সাউথ আফ্রিকা তোলে ৭ উইকেটে ১৮৭ রান। যদিও শুরুতেই ভারতের বোলিং এর সামনে ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সাউথ আফ্রিকা। কিন্তু সেখান থেকে তাদের ম্যাচে অনবদ্য কামব্যাক করালেন দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিস। ২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়া সাউথ আফ্রিকার চতুর্থ উইকেট পড়ে ১১৭ রানে। ৪৫ রান করেন ব্রেভিস। ৩৫ রানে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস দলকে উপহার দেন ডেভিড মিলার। তাঁর ইনিংসে ছিল ৭ টা চার ও ৩ টে ছয়। পাশাপাশি ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন ট্রিসটন স্ট্রাবস। ভারতের হয়ে ৩ উইকেট নেন যশপ্রীত বুমরাহ।

আর জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়ান বোলিং আক্রমণের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। একের পর এক আউট হয়ে ফিরে যেতে থাকেন ইশান কিশান, তিলক বর্মা, অভিষেক শর্মা , সূর্যকুমার যাদবরা। মার্কো জনসন, কেশব মহারাজ, করবিন বশদের বোলিং এর সামনে এদিন দাঁড়াতেই পারল না ভারতের ব্যাটিংলাইন। ভারতের হয়ে একমাত্র মরিয়া লড়াই চালিয়ে যান শিবম দুবে। তিনি করেন ৩৭ বলে ৪২ রান। এছাড়া কেউই রানের ধারে-কাছেও ছিলেন না। ফলে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত।

৭৬ রানের বিরাট ব্যবধানে টিম ইন্ডিয়াকে ঘরের মাঠে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকল প্রোটিয়ারা। এদিন সাউথ আফ্রিকার হয়ে ৪ উইকেট মার্কো জনসন, ৩ উইকেট কেশব মহারাজ। আর এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে, ভারতকে পরের দুটি ম্যাচে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে জেতা বাধ্যতামূলক হয়ে গেল। যা কঠিন পরীক্ষায় ফেলে দিল গৌতম গম্ভীরের দলকে।
শ্রীলঙ্কাকে সহজেই ধরাশায়ী করে ৫১ রানে জয় ইংল্যান্ডের, দুর্দান্ত বোলিং উইল জ্যাকের
