সৌরভ রায় ও অঙ্কিত ঘোষ, প্রতিনিধি
ময়দান আপডেট: ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্ল্যাস্টার্সের বিরুদ্ধে ২-০ গোলে জয় দিয়ে মরসুম শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্টস। প্রথম ম্যাচেই দলকে গোল উপহার দেন জেমি ম্যাকলারেন ও টম অলড্রেড। আর সোমবার যুবভারতীতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান। তবে এদিনও দল অপরিবর্তিত রেখে মাঠে নামে সার্জিও লোবেরার নেতৃত্বে সবুজ-মেরুন বাহিনী। তবে এদিন ম্যাচের শুরু থেকেই মোহনবাগানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেন চেন্নাইয়ের ফরোয়ার্ড ইরফান ওয়ার্ডাড। উল্টোদিকে অনেকটাই ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখা যায় মোহনবাগানকে। ১২ মিনিটে রবসনের কর্ণারে একটা ভালো দূরপাল্লার শট নেন অনিরুদ্ধ থাপা, যদিও গোল আসেনি। এরপর ২০ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের একটা শট প্রতিহত করে দেন চেন্নাইয়ের গোলরক্ষক মহম্মদ নাওয়াজ। ২৭ মিনিটে মেহেতাব সিং এর সঙ্গে মাথায়-মাথায় সংঘর্ষ হয় চেন্নাইয়ের গোলরক্ষক মহম্মদ নাওয়াজের। ফলে দুইজনেই চোট পান। তবে মেহেতাবের হালকা চোট লাগলেও, মহম্মদ নাওয়াজের চোট গুরুতর। ফলে নাওয়াজকে তুলে নিয়ে ৩২ মিনিটে বিকল্প গোলকিপার হিসাবে চেন্নাইয়ান এফসি মাঠে নামায় বাঙালি গোলরক্ষক শমীক মিত্রকে।

ম্যাচের ৩৬ মিনিটে চেন্নাইয়ের ফুটবলার ইরফানকে আঘাত করেন অভিষেক সিং। ফলে হলুদ কার্ড দেখানো হয় অভিষেককে। তবে প্রথমার্ধে ঘন-ঘন আক্রমণে মোহনবাগান উঠলেও, অনবদ্য ডিফেন্সের মাধ্যমে সবুজ-মেরুন ফুটবলারদের আক্রমণ রুখে দেন চেন্নাইয়ের ফুটবলাররা। ৪২ মিনিটে লিস্টনের শটে গোলের সুযোগ তৈরি হয় তবে চেন্নাইয়ের পোস্টে লেগে বল ফিরে আসে, ফলে কোনও গোল আসেনি। ম্যাচে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয় প্রথমার্ধে। তবে খেলার ৪৯ মিনিটে চেন্নাইয়ের গোলরক্ষককে কার্যত বোকা বানিয়ে সহজেই গোল করে মোহনবাগানকে প্রথমার্ধের শেষে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। ফলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা।

খেলার দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে রবসনের বাড়ানো বলে গোলের সুযোগ তৈরি করেন ম্যাকলারেন, যদিও গোল আসেনি। এরপর ৫৮ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করে চেন্নাই। নামানো হয় গুরকিরত সিং, এডুয়াডো ও ফারুক চৌধুরীকে।

আর খেলার ৬৬ মিনিটে শুভাশিসের বাড়ানো বলে, গোল করে মোহনবাগানকে আরও এগিয়ে দেন মোহন জনতার নয়ণের মণি সেই দিমিত্রি পেত্রাতোস। খেলার ফলাফল হয়ে যায় ২-০। ফলে দিমির এই গোল মনে করিয়ে দিল ২০২৫ সালের ঠিক এক বছর আগে আজকের দিনের কথা অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫। সেই দিন আইএসএলে সার্জিও লোবেরার দল ওড়িশা এফসির বিরুদ্ধে গোল করে মোহনবাগানকে জয় উপহার দেওয়ার পাশাপাশি শিল্ড চ্যাম্পিয়ন নিশ্চিত করেন দিমিত্রি পেত্রাতোস। আর ঠিক এক বছর পর আবারও সেই ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ সালে মোহনবাগানের জার্সিতেই সমর্থকদের গোল উপহার দিলেন দিমি। তবে এবার প্রতিপক্ষ দলের কোচ নয়, মোহনবাগানের হেড কোচের পদেই সার্জিও লোবেরা।

৭৬ মিনিটে মোহনবাগানও একসঙ্গে তিনটি পরিবর্তন করে। শুভাশিসের জায়গায় নামেন অময় রানাডে, রবসনের জায়গায় টম অলড্রেড এবং মেহেতাব সিং এর জায়গায় মনবীর সিং। এরপর ৮২ মিনিটে ম্যাকলারেনের জায়গায় নামানো হয় জেসন কামিংসকে। ৮৪ মিনিটে লিস্টনের জায়গায় সাহাল আব্দুল সামাদকে নামায় মোহনবাগান। এরপর মোহনবাগান একাধিক সুযোগ তৈরি করার চেষ্টা করতে থাকে, যদিও গোল আসেনি। ফলে পর-পর দুই ম্যাচেই ২-০ গোলে জিতে ৬ পয়েন্ট ঘরে তুলল সবুজ-মেরুন বাহিনী।
