Sunday, March 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলজীবনযুদ্ধে প্রত্যাবর্তনের আরেক নাম দিমি! মহামেডান ম্যাচে বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে লোবেরা

জীবনযুদ্ধে প্রত্যাবর্তনের আরেক নাম দিমি! মহামেডান ম্যাচে বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে লোবেরা

এখন একটাই লক্ষ্য ২৮ তারিখ যুবভারতীতে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বাংলার আরেক ঘরের দল মহামেডান স্পোর্টিয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় লাভ করে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসা।

সৌরভ রায়, প্রতিনিধি

ময়দান আপডেট: বিদেশী হলে কি হবে অনেক ফুটবলাররাই সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠেন মোহনবাগানের ঘরের ছেলে। নিজের প্রতিভা ও সাফল্যের দ্বারা মন জয় করে নেন মোহন জনতার। সেটা কখনও ব্যারেটো, তো কখনও চিমা ওকেরি। আবার কখনও সেটা দিমিত্রি পেত্রাতোস। সেই ২০২২ সাল থেকে দেখতে-দেখতে কেটে গেল প্রায় ৫ বছর। কিন্তু আজও সবুজ মেরুন সমর্থকদের তিনি নয়নের মণি। যতবার সমালোচনা হয়, নিজেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে বারবার ফিরে ফিরে আসেন দিমি গড হয়ে। জীবন কখনও সমান যায় না! ওঠা-পড়াই জীবনের নিয়ম। আর তাই অফ ফর্মে গেলে মেরিনার্সদের অনেক নিন্দা-সমালোচনা মাথা নত করে সহ্য করেন অস্ট্রেলিয়ার এই তারকা বিদেশী। কারণ তিনি জানেন ভাগ্যের চাকা বদলাবে। আবারও চেনা ছন্দে মেরিনার্সদের হৃদয় জয় করে ফিরে আসবেন তিনি। অদম্য জেদ ও লড়াইয়ের নামই দিমিত্রি পেত্রাতোস। সেই তো গত মরসুমটা ভালো যায় নি দিমির। তাঁকে খুব একটা খেলার সুযোগ দিতে চাননি কোচ হোসে মোলিনা। কোনও ম্যাচে ১০ মিনিট তো, কোনও ম্যাচে ১৫ মিনিট খেলার সুযোগ পেতেন তিনি। তবে সেই খারাপ সময় কাটিয়ে নয়া কোচ সার্জিও লোবেরার হাত ধরে আবারও ৯০ মিনিট মাঠে দাপিয়ে রাজত্ব করছেন দিমি।

এবারের আইএসএলে পর-পর দুই ম্যাচেই দর্শকদের মন জয় করেছেন তিনি। আর ২৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে আবারও দলকে গোল উপহার দিলেন,আর পরিচিত স্টেনগান সেলিব্রেশন করে, সমস্ত সমালোচকদের যোগ্য জবাব দিলেন মাঠের পুরনো রাজা নতুন সাজে দিমিত্রি পেত্রাতোস। পাশাপাশি মনে করালেন ২০২৫ সালের ঠিক এক বছর আগে ২৩ ফেব্রুয়ারির কথা। ওইদিনই তো সার্জিও লোবেরার দল ওড়িশা এফসির বিরুদ্ধে গোল করে মোহনবাগানের লিগ শিল্ড জয় নিশ্চিত করে দিয়েছিলেন দিমি। আর এক বছর পর আবারও ২৩ ফেব্রুয়ারি গোল করলেন চেন্নাইয়ের বিরুদ্ধে। তবে গত বছর দিমির গোল লোবেরার হৃদয় ভঙ্গ করলেও, এই বছর দিমির গোলে উচ্ছ্বসিত সার্জিও। 

এরআগে অস্ট্রেলিয়ার ১৭, ২০, ২৩ থেকে সিনিয়র দলের হয়ে খেলেছেন পেত্রাতোস। আর ২০২২ সালের ১৮ জুলাই ভারতে এসে মোহনবাগানে যোগ দেন তিনি। ১০ অক্টোবর চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে তাঁর সবুজ-মেরুন জার্সিতে প্রথম ম্যাচেই মনবীর সিংকে দিয়ে গোল করান নিজের অ্যাসিস্টে দিমি। আর মোহনবাগানের হয়ে দ্বিতীয় ম্যাচেই কেরালা ব্ল্যাস্টার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দিমি বুঝিয়ে দেন তিনি লম্বা রেসের ঘোড়া। মোহনবাগানের হয়ে প্রথম মরসুমেই তিনি ১২ টা গোল ও ৭ টা অ্যাসিস্ট করেন। পাশাপাশি ২৩-২৪ মরসুমে আইএসএলের গোল্ডেন বলের পুরস্কার জিতে নেন তিনি। আর এখনও পর্যন্ত মোহনবাগানের হয়ে ৬০ টা অ্যাসিস্ট ও ২৩ টা গোল করেছেন দিমি। ফলে এবারের আইএসএলেও দিমিকে নিয়ে অনেক প্রত্যাশা সবুজ-মেরুন সমর্থকদের।

উল্লেখ্য চলতি আইএসএলে মোহনবাগান সুপার জায়েন্টস কেরালা ও চেন্নাইয়ের বিরুদ্ধে ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই ২-০ গোলে জয় পেয়েছে। ফলে পয়েন্ট টেবিলে এখন ইস্টবেঙ্গলের পরেই দ্বিতীয় স্থানে মোহনবাগান। তাদের এখন একটাই লক্ষ্য ২৮ তারিখ যুবভারতীতে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বাংলার আরেক ঘরের দল মহামেডান স্পোর্টিয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় লাভ করে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসা। এই বছর শুধুমাত্র লিগেই টুর্নামেন্টের ফয়সলা। ফলে সমস্ত ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। ফলে প্রত্যেক ম্যাচে পয়েন্ট পেতে মরিয়া কোচ সার্জিও লোবেরা।  

ম্যাকলানের ও দিমির গোলে জয় অব্যাহত সবুজ-মেরুনের, ২০২৫ এর স্মৃতি মনে করালেন দিমি!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular