সৌরভ রায় ও সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: চলতি আইএসএলে পর-পর দুই ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে, জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল এফসি। দুই ম্যাচে তারা ৭ গোল করে, খেয়েছে মাত্র ১ গোল। অন্যদিকে জামশেদপুরও প্রথম ম্যাচে মহামেডানের বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচে পঞ্জাব এফসির বিরুদ্ধে জিতে যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নেমেছিল। আর এদিন লাল-হলুদ জার্সিতে অভিষেক হল ডেনমার্কের সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সোজবার্গের। প্রথমার্ধেই ইউসুফ ইজ্জেজারি-অ্যান্টন সোজবার্গ যুগলবন্দিতে প্রথম একাদশ সাজান কোচ অস্কার ব্রুজো। শুরুতেই হলুদ কার্ড দেখেন জামশেদপুর এফসির সানান মহম্মদ। এরপর ৭ মিনিটে জামশেদপুরের হয়ে ইস্টবেঙ্গলের পোস্ট লক্ষ্য করে শট নেন মেসি বাউলি, কিন্তু অফসাইটের জন্য গোল বাতিল হয়। ১১ মিনিটে জিকসনের দূরপাল্লার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। ১৩ মিনিটে আবারও ইস্টবেঙ্গলের পোস্টে গোলের সুযোগ তৈরি করেন সানান মহম্মদ কিন্তু ফের অফসাইটে গোল বাতিল হয়।

ম্যাচের প্রথমার্ধে ঘন-ঘন আক্রমণে উঠতে থাকে জামশেদপুরের ফুটবলাররা। ১৭ মিনিটে মেসি বাউলিকে ফাউল করেন লালচুঙ্গনুঙ্গা। ফলে হলুদ কার্ড দেখানো হয় তাঁকে। এরপরও ইস্টবেঙ্গলের ডিফেন্স ভেঙে বেশ কিছু আক্রমণের চেষ্টা করেন জামশেদপুরের ফুটবলাররা। ২৪ মিনিটে ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোলের সুযোগ তৈরি করেন অ্যান্টন সোজবার্গ। বিপিনের বাড়ানো বলে প্রচেষ্টা করেন তিনি, যদিও প্রতিহত হয়। ২৫ মিনিটেই প্লেয়ার পরিবর্তন ইস্টবেঙ্গলের। লালচুঙ্গনুঙ্গার জায়গায় নামানো হয় মহম্মদ রাকিপকে। তবে ম্যাচের ৪১ মিনিটে বিপিনের বাড়ানো বলে, পোস্টের সামনে থেকে এডমুন্ডের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার ফলাফল হয় ১-০।

৪৪ মিনিটে আবারও গোলের প্রচেষ্টা মিগুয়েলের। ৪৫ মিনিটে মিগুয়েলের কর্ণারে পোস্টের সামনে থেকেও গোলের সুযোগ নষ্ট করেন ইউসুফ হিজ্জেজারি। ফলে ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মেসি বাউলির শটে গোলের সুযোগ নষ্ট করেন মাদিহ তালাল। তবে এর পরের মিনিটেই ৬১ মিনিটে নিকোলার কর্ণারে, হেডে গোল করে জামশেদপুরকে সমতায় ফেরান অধিনায়ক নাইজেরিয়ান তারকা বিদেশী স্টিফেন এজে। খেলার ফলাফল হয়ে যায় ১-১।

তবে এরপর ঘন-ঘন আক্রমণে ওঠার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ৬৭ মিনিটে ইউসুফ হিজ্জেজারি সুযোগ নষ্ট করেন, ৬৯ মিনিটে সুযোগ নষ্ট করেন জয় গুপ্তা। ৭০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করে ইস্টবেঙ্গল। বিপিনের জায়গায় নামেন বিষ্ণু, অ্যান্টনের জায়গায় শৌভিক, এডমুন্ডের জায়গায় নামেন নন্দাকুমার। ৮৩ মিনিটে ইউসুফ হিজ্জেজারির জায়গায় নামেন ডেভিড। ৮৮ মিনিটে মাদিহ তালালের বাড়ানো বলে, জামশেদপুরের জাপানি স্ট্রাইকার তাচিকাওয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওয়েন কয়েলের দল। খেলার ফলাফল হয় ২-১। এরপর ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল আসেনি। ফলে ২-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে, পয়েন্ট টেবিলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসল জামশেদপুর।
শনিবার যুবভারতীতে মিনি ডার্বি, প্রতিপক্ষ মহামেডানকে সমীহ করলেও বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে মোহনবাগান
