প্রিয়াংশু মণ্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট: চলতি আইলিগ দ্বিতীয় ডিভিশনে স্বপ্নের ফর্মে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী ক্লাব ইউনাইটেড স্পোর্টস। গত ২৮ মার্চ গোয়ার মাটিতে স্পোর্টিং ক্লাব গোয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু হওয়া এই যাত্রা এখন বেগুনি ব্রিগেডকে লিগ টেবিলের শীর্ষ লড়াইয়ে পৌঁছে দিয়েছে। প্রথম তিন ম্যাচে অপরাজিত থেকে ৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লালকমল ভৌমিকের ছেলেরা।

ইউনাইটেড স্পোর্টস মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেই বাজিমাৎ করেছে। আমিল নাইমের করা একমাত্র গোল এবং রক্ষণভাগের ইস্পাতকঠিন দৃঢ়তায় ভর করে, গোয়া থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। দ্বিতীয় ম্যাচে মহারাষ্ট্রের ক্লাব এমইউওয়াইজে জিএমএসসি বিপক্ষে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তবে অভিজ্ঞ সিঙ্গতে জর্জ কম পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। তৃতীয় ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেগুনি ব্রিগেড। ৭৩ মিনিটে দীপেশ মুর্মুর জোরালো ক্রস বেঙ্গালুরু ডিফেন্ডার ডেটল মৈরাংথেমের পায়ে লেগে আত্মঘাতী গোল হলে ম্যাচটি ১-১ ড্র হয়।

আগামী ১৪ এপ্রিল বিকেল ৪ টেয় স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ইউনাইটেড স্পোর্টসের এই মরসুমের অ্যাওয়ে যাত্রা। এরপরই বেগুনি ব্রিগেডের জন্য থাকছে ঘরের মাঠ কল্যাণী স্টেডিয়ামের বিশেষ সুবিধা। আগামী ২৬ এপ্রিল নেরোকা এফসি-র বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ২ মে মর্নিংস্টার এফসি, ৯ মে সুদেভা দিল্লি এবং ১৫ মে লিগ টেবিলের বর্তমান শীর্ষ দল দিল্লি এফসির বিরুদ্ধে প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে কল্যাণী স্টেডিয়ামে দুপুর ৩টে থেকে। ঘরের মাঠে টানা এই ম্যাচগুলো ইউনাইটেডের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে ১৫ মে দিল্লি এফসির বিপক্ষে শেষ ম্যাচটি লিগের ভাগ্য নির্ধারণে সবথেকে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফুটবল প্রেমীরা এই প্রতিটি রোমাঞ্চকর লড়াই সরাসরি উপভোগ করতে পারবেন কল্যাণী স্টেডিয়ামে বসে অথবা ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
লন্ডনের আঙিনায় ভারতীয় ফুটবল! ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ব্লু টাইগার্সরা
