Sunday, May 31, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলযুবভারতী ও কিশোরভারতী আজ দুই গ্যালারির চোখ একে অপরের দিকে! কারা লিগ...

যুবভারতী ও কিশোরভারতী আজ দুই গ্যালারির চোখ একে অপরের দিকে! কারা লিগ চ্যাম্পিয়ন? তুঙ্গে জল্পনা

ইউসুফ ইজ্জেজারি বলেন, তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পাওয়ার বিষয়ে একদম আত্মবিশ্বাসী, তবে সবার আগে তিনি দলকে জিতিয়ে চ্যাম্পিয়ন করতে চান।

সৌরভ রায়, প্রতিনিধি 

ময়দান আপডেট: আইএসএলের ইতিহাসে এই প্রথমবার একই দিনে একই সময়ে চলবে চারটি ম্যাচ। এর মধ্যে কলকাতার দুই প্রধানের দুটি ম্যাচ কলকাতার দুই স্টেডিয়ামে! তবে আজ শুধুমাত্র মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠে বসে হোক কিংবা বাড়িতে বসে শুধুমাত্র নিজেদের ম্যাচের উপর নজর রাখবেন এমন নয়। দুই দলের সমর্থকদেরই চোখ থাকবে অপর স্টেডিয়ামের ম্যাচের দিকেও! কারণ বৃহস্পতিবারই আইএসএলের এই মরসুমের সমাপ্তি। এই দিনই এই মরসুমের লিগ শিল্ড চ্যাম্পিয়ন দলকে খুঁজে পাবে গোটা ভারতীয় ফুটবল মহল। আর এদিন সন্ধ্যা সাড়ে ৭-টা থেকে যুবভারতীতে মোহনবাগান খেলতে নামবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। অপরদিকে একই সময়ে কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল খেলতে নামবে ইন্টারকাশীর বিরুদ্ধে। বাংলার এই দুই দলের বর্তমানে ১২ ম্যাচে সমসংখ্যক পয়েন্ট ২৩। ফলে যারা জিতবে তারাই এবারের আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাবে। অবশ্য পাল্লা ভারি ইস্টবেঙ্গলের কারণ, তারা মোহনবাগানের থেকে গোল পার্থক্যে অনেক এগিয়ে। ফলে লিগ জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে লাল-হলুদ বাহিনীকে। হয়তো এই প্রথমবার তাদের ঘরে আইএসএল চ্যাম্পিয়নের শিরোপা আসতে চলেছে। কিন্তু যদি কোনও কারণে ইস্টবেঙ্গল ড্র করে এবং মোহনবাগান জিতে যায় তাহলে অবশ্য চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সবুজ-মেরুন বাহিনী। আবার অন্যদিকে এদিন একই সময়ে মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসি ও পঞ্জাব এফসি। ফলে এই ম্যাচের দিকেও কিছুটা নজর রাখতে হবে বাংলার দুই প্রধানকে। কারণ ওই ম্যাচে যারা জিতে যাবে তাদের পয়েন্ট হয়ে যাবে ২৫। সেক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল ইন্টারকাশীর বিরুদ্ধে এবং মোহনবাগান স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচ ড্র করে ফেলে তাহলে দুই প্রধানই আটকে যাবে ২৪ পয়েন্টে। তখন পয়েন্টের বিচারে ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে পঞ্জাব এফসি কিংবা মুম্বই সিটি। ফলে শেষ দিনের রাত পর্যন্ত চলবে এই থ্রিলার লড়াই। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে শেষ দিনে একইসঙ্গে চারটি দলের কাছেই। 

চিত্র সাংবাদিক- সৌম্য দাশ

মোহনবাগান ও ইস্টবেঙ্গল নিজেদের শেষ ম্যাচে ডার্বিতে ১-১ গোলে ড্র করেছিল। ফলে দুই দলই ভালো লড়াই করেছে ডার্বিতে। আর এদিন মোহনবাগান সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তাদের প্রত্যাশা থাকবে তাদের দলের গত ৪ বছর ধরে নয়ণের মনি হয়ে ওঠা অন্যতম তরুপের তাস দিমিত্রি পেত্রাতোসের কাছে গোল পাওয়ার। কারণ গত ৪ বছরে মোহনবাগানকে ক্লাবকে বহু সাফল্য উপহার দিয়েছেন মোহন জনতার ভালোবাসার দিমি গড। বহু গোল করেছেন, বহু ম্যাচ জিতিয়েছেন। তাঁকে নিয়ে বিশেষ গান বানানো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে উপহার তুলে দেওয়া, দিমিকে ঘরের ছেলে মনে করে অপন করে নিয়েছিল সবুজ-মেরুন সমর্থকরা। আর দিমিও মোহনবাগান সমর্থকদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ট হয়ে উঠেছেন। তবে এবার বিদায় জানানোর পালা তাঁর প্রিয় মোহনবাগান ক্লাবকে! বৃহস্পতিবার সবুজ-মেরুন জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামতে চলেছে দিমি। ফলে ম্যাচের আগের দিন বুধবার সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠলেন দিমি! কথায় গলার স্বর যেন বার-বার জড়িয়ে যাচ্ছিল আবেগে! অনুশীলনেও শেষবার কাছ থেকে অজি তারকা ফুটবলার দিমিকে দেখতে ভিড় করেছিলেন অনেক ফুটবল সমর্থকরাই। অনুশীলন শেষ হওয়ার পর দিমিকে একবার ছুঁয়ে দেখতে, উপহার তুলে দিতে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ থাকায় দূর থেকে দিমির পায়ে ঝাঁপিয়ে পড়লেন কয়েকজন সমর্থক। দিমিও নিজের শেষ অনুশীলনের জার্সি ও প্যান্ট সমর্থকদের উপহার দিয়ে গেলেন। মোহনবাগান চ্যাম্পিয়ন হোক কিংবা না হোক, বহুকাল মোহন জনতার হৃদয়ে থেকে যাবেন পেত্রাতোস। 

পাশাপাশি উল্লেখ্য মোহনবাগান কোচ সার্জিও লোবেরা বলেন, এটাই আমাদের কাছে শেষ সুযোগ। স্পোর্টিং ক্লাব দিল্লি ভালো দল, তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বড় ব্যবধানে জয় পাওয়ার টার্গেট থাকবে। কার্ড সমস্যার জন্য শেষ ম্যাচে খেলতে পারবেন না রদরিগেজ। পাশাপাশি আপুইয়ার চোট রয়েছে। তবে ডার্বির দিন ক্রাচ নিয়ে মাঠ ছাড়লেও, এখন অনেকটাই সুস্থ জেসন কামিংস। এদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন কামিংস। ফলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার যুবভারতী স্টেডিয়ামে শুরু থেকেই গোল তুলে নিতে আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে দেখা যাবে সবুজ-মেরুন বাহিনীকে। 

অন্যদিকে ইস্টবেঙ্গল এদিন ইন্টারকাশীর বিরুদ্ধে খেলতে নামছে। ইন্টারকাশীর বিরুদ্ধে মোহনবাগান গোলশূন্য ড্র করেছিল। কাশীর ডিফেন্স যথেষ্ট শক্তিশালী। ফলে ইস্টবেঙ্গল এদিনের ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে মরিয়া থাকবে খুবই স্বাভাবিক। তবে লড়াইটা সহজ হবে না তাদের কাছে। কারণ ইন্টারকাশীর ডিফেন্স ভেঙে এগিয়ে গিয়ে গোল করতে বেশ চাপে পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। আর লাল-হলুদ কোচের ভূমিকায় হয়তো অস্কারের এটাই শেষ ম্যাচ। ফলে শেষ ম্যাচে দলকে জিতিয়ে আইএসএল ট্রফিটা প্রথমবার উপহার দিতে চাইবেন অস্কার। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে মরিয়া লাল-হলুদ সমর্থকরা। অনেক প্রত্যাশা দলের ফুটবলারদের কাছে! তবে সেই স্বপ্ন কতটা পূরণ হয় এখন সেটাই দেখার। এদিন ম্যাচের আগে অনুশীলনে বেশ চনমনে মেজাজে দেখালো গোটা দলকে।

আর দলের তারকা বিদেশী ইউসুফ ইজ্জেজারি বলেন, তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পাওয়ার বিষয়ে একদম আত্মবিশ্বাসী, তবে সবার আগে তিনি দলকে জিতিয়ে চ্যাম্পিয়ন করতে চান। বৃহস্পতিবার কিশোরভারতী স্টেডিয়ামের গ্যালারি হাউসফুল থাকবে, এই ম্যাচ কার্যত ফাইনাল ইস্টবেঙ্গলের জন্য। তবে এদিন নজর থাকবে যুবভারতী ও কিশোরভারতী দুই স্টেডিয়ামের দুই প্রধানের ম্যাচের ফলাফলের দিকেই, এখন দেখার কারা করে বাজিমাৎ!    

এডমুন্ডের গোলে এগিয়ে থাকলেও, কামিংসের গোলে সমতায় ফিরে ড্র করল মোহনবাগান! শীর্ষেই ইস্টবেঙ্গল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular