ময়দান আপডেট: মেসি,রোনাল্ডো কিংবা নেইমারদের মতো মহাতারকাদের নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা তো চলতেই থাকে। কিন্তু প্রত্যেকবার ফুটবল বিশ্বকাপ জন্ম দেয় নতুন তারকাদের। এমনও কিছু তারকারা বিশ্বকাপে জনপ্রিয়তা অর্জন করে, যাদের উত্থানের মঞ্চই হয়ে ওঠে এই বিশ্বকাপ। আর এইবারও বিশ্বকাপে বিভিন্ন ম্যাচ থেকে উঠে আসছে এমনই কিছু তারকারা, যারা চমকে দিচ্ছে গোটা বিশ্বকে। ঠিক তেমনই শুক্রবার রাতে ফুটবল বিশ্বকাপের আসরে নরওয়ের বিরুদ্ধে গোলের হ্যাটট্রিক করে নিজের প্রতিভা প্রমাণ করে দিলেন ফ্রান্সের উসমান ডেম্বেলে। এদিন ম্যাচের শুরু থেকেই নরওয়ের পোস্ট লক্ষ্য করে ঘন ঘন আক্রমণে যাচ্ছিল ফ্রান্সের ফুটবলাররা। আক্রমণে ওঠা তো দূরের কথা, নিজেদের দুর্গ সামলাতেই কালঘাম ছুটে গেল নরওয়ের। এদিন ম্যাচে সকলের লাইমলাইটে ছিলেন ডেম্বেলে। অবিশ্বাস্য কিছু শট উপহার দিলেন তিনি। তাকে প্রতিরোধ করা যেন কোনও ভাবেই সম্ভব হচ্ছিল না। খেলার প্রথমার্ধে ৭, ২০ ও ৩২ মিনিটে তিনটি ওসমান ডেম্বেলের গোলের হ্যাটট্রিক কার্যত ফ্রান্সের জয় নিশ্চিত করে দিয়েছিল। ৭ মিনিটে এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে বক্সের মাথা থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করেন ডেম্বেলে। দ্বিতীয় গোলও এমবাপ্পের-ডেম্বেলের যুগলবন্দির ফল। মাঝমাঠে বল ধরে ডেম্বেলেকে বল বাড়ান এমবাপ্পে। বক্সের ঠিক বাইরে থেকে নরওয়ের তিনজন ডিফেন্ডারের বাধা টপকে গোল করেন ডেম্বেলে। আর ৩২ মিনিটে বক্সের ভিতরে অঁরেলিয়েঁ চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে নরওয়ের গোল রক্ষককে পরাস্ত করেন ডেম্বেলে। ফলে লিয়োনেস মেসি, কানাডার জোনাথন ডেভিডের পর তৃতীয় ফুটবলার হিসাবে এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ফরাসি তারকা। তবে তারই মধ্যে একটি গোল শোধ করে নরওয়ে। ২১ মিনিটে একটি গোল শোধ করেন নরওয়ের হয়ে Aasgaard। আর ম্যাচের দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় হেড দিয়ে ফ্রান্সের হয়ে চতুর্থ গোলটি করেন ডেজিরে ডুয়ে।

নরওয়ে এই ম্যাচের আগেই নকআউট নিশ্চিত করে ফেলেছিল। তবে নকআউটের আগে তাদের এই হতাশাজনক পারফর্মেন্স যথেষ্ট চিন্তায় রাখবে ম্যানেজমেন্টকে তা বলা যেতেই পারে। অন্যদিকে গ্রুপের তিনটি ম্যাচেই জয়লাভ করে দুর্দান্ত সাফল্য ধরে রেখে, নকআউটে পৌঁছে গেল গ্রুপ শীর্ষে থেকে ফ্রান্স। বিশ্বকাপের নকআউটে রাউন্ড 32 ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন । 1 জুলাই রাত আড়াইটে অনুষ্ঠিত হবে ম্যাচ। অন্যদিকে বিশ্বকাপের এই গ্রুপের ম্যাচে ইরাককে ৫-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘আই’-এ তৃতীয় স্থানে শেষ করল সেনেগাল। নকআউটে তাদের যাওয়া নির্ভর করবে অন্য গ্রুপগুলির ফলাফলের উপর।

পাশাশাশি কথায় আছে Try and Try at last success। সঠিক চেষ্টা থাকলে সবই সম্ভব। তা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আবারও একবার প্রমাণ করে দিল আফ্রিকার পশ্চিম উপকূলের নিকটে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র কেভ ভার্দে। যাদের আনুমানিক জনসংখ্যা মাত্র পাঁচ লক্ষ ৩২ হাজার। গোটা বিশ্বকে চমকে দিয়ে তারা এই প্রথমবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন তো করলই, পাশাপাশি গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট নিয়ে জায়গা করে নিল বিশ্বকাপের নকআউট পর্বে। তাদের এই অবিশ্বাস্য সাফল্য মুগ্ধ করেছে ফুটবল বিশেষজ্ঞদের। স্পেন ও উরুগুয়ের মতো ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দেশের বিরুদ্ধে আগেই ড্র করেছিল, আর শনিবার সকালে সৌদি আরবের বিরুদ্ধেও গোলশূন্য ড্র করে ৩ পয়েন্ট নিয়ে রাউন্ড ৩২ এ পৌঁছে গেল তারা। পরবর্তী রাউন্ডে কেভ ভার্দে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার। আর এদিন গোটা ম্যাচ জুড়ে দুর্দান্ত ফর্মে সৌদি আরবের আক্রমণ রুখে দিলেন নিজের কাজে দায়িত্ব নিয়ে কেভ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

অন্যদিকে শনিবার সকালে বিশ্বকাপে এই একই গ্রুপ থেকে উরুগুয়েকে এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে চলে গেল স্পেন। উরুগুয়ে এই ম্যাচ হেরে যাওয়ার ফলে এবং অন্যদিকে কেভ ভার্দ ও সৌদি আরবের ম্যাচ ড্র হয়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এদিন ৪২ মিনিটে উরুগুয়ের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় স্পেন। আলেক্স বায়েনার গোলমুখী দুর্বল শট ধরতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসরেলা। বল তাঁর হাত ফস্কে গড়িয়ে জালে জড়িয়ে যায়। ফলে ১ গোলে এগিয়ে যায় স্পেন। এরপর উরুগুয়ে গোল শোধ করার মরিয়া প্রয়াস করলেও, আর গোল করতে পারেনি। তবে অন্যদিকে স্পেন এক গোলে ম্যাচ জিতলেও, তাদের খুব একটা আকর্ষণীয় এদিন দেখায়নি। ফলে পরবর্তী রাউন্ডে খেলতে নামার আগে স্পেনকে তাদের খেলায় যে অনেকটা উন্নত করতে হবে তা বেশ জানেন দলের কোচ থেকে ফুটবলাররা। এখন দেখার নিজেদের দুর্বলতা কাটিয়ে নকআউট পর্বে কতটা সাফল্য দেখাতে পারে স্প্যানিশ আর্মাডা!
