প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : মিজোরামের ২৯ বয়সী ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ও গতিশীল উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে। তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রফি ও ব্যক্তিগত সম্মান অর্জন করেছেন। ২০১৬ সালে ডিএসকে শিভাজিয়ান্স ক্লাবের হয়ে পেশাদার ফুটবল যাত্রা শুরু করার পর, তিনি আইএসএলের অভিজ্ঞতা নিতে নর্থইস্ট ইউনাইটেড এফসিতে লোনে যোগ দেন। পরবর্তীতে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত দিল্লি ডাইনামোসের হয়ে মাঠ কাঁপিয়ে নিজের জাত চেনান।
এরপর ২০১৯ সালে চেন্নাইয়িন এফসিতে যোগ দিয়ে তিন মরসুমে ৫৩টি ম্যাচে ১২টি গোল করার পাশাপাশি দলকে ২০১৯-২০ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ রানার্স আপ ও ফাইনালে তুলতে বড়ো অবদান রাখেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সফল ও ট্রফি সংগ্রহের সোনালী অধ্যায় শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে, যখন তিনি চেন্নাইয়িন থেকে লোনে মুম্বই সিটি এফসিতে যোগ দেন।পারফরম্যান্সের ভিত্তিতে মুম্বই তাঁকে স্থায়ী চুক্তিতে সই করায়; মুম্বইয়ের হয়ে ১১১টি ম্যাচে ৪২টি গোল করার পাশাপাশি তিনি ক্লাবকে ২০২২-২৩ মরসুমে আইএসএল লিগ উইনার্স শিল্ড এবং ২০২৩-২৪ মরসুমে আইএসএল কাপ জেতাতে প্রধান নায়কের ভূমিকা পালন করেন।
এছাড়া দেশের জার্সিতে ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে আত্মপ্রকাশ করার পর তিনি ভারতের হয়ে ২০১৫ ও ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ ইন্টারকন্টিনেন্টাল কাপ ট্রফি জয় করেন। দেশের হয়ে ৫৫টি ম্যাচে ৯টি গোল করেছেন, যার মধ্যে উত্তর কোরিয়া এবং কাতারের বিরুদ্ধে গোলগুলি ছিলো তার ক্যারিয়ারের অন্যতম গোল। ক্লাব ও দেশের হয়ে এই ট্রফি জয়ের পাশাপাশি তিনি একক কৃতিত্ব হিসেবে ২০২২-২৩ মরসুমের এআইএফএফ বর্ষসেরা পুরুষ ফুটবলার, আইএসএলের সেরা খেলোয়াড়ের ও গোল্ডেন বল এবং ডুরান্ড কাপের গোল্ডেন বুট অর্জন করেন।
আর এই সমস্ত গৌরবোজ্জ্বল সাফল্য ও অভিজ্ঞতার ঝুলি নিয়েই মুম্বাই সিটি এফসি থেকে সম্প্রতি তিনি ভারতীয় ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান দলে সই করে তাঁর ফুটবল ক্যারিয়ারে এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
