Tuesday, September 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলডুরান্ডের সেমিফাইনালে টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান

ডুরান্ডের সেমিফাইনালে টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান

শিলংয়ে কাদা-জলে বিশাল কাইথের অবিসংবাদিত নায়কত্ব, রবিবার যুবভারতীতে রবিবাসরীয় কলকাতা ডার্বি

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : ডুরান্ড কাপের মহারণে আবারও এক মহাকাব্যিক লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত। প্রায় তিন বছরের ব্যবধান পেরিয়ে এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্টের খেতাব নির্ধারণী ম্যাচে ফের সামনাসামনি হতে চলেছে দুই চিরপ্রদ্বন্দী – মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার শিলংয়ের প্রতিকূল আবহাওয়া ও কাদাভরা মাঠে টানটান উত্তেজনার সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাস্ত করে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল মোহনবাগান। আগামী রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দীদের হারিয়ে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ এখন সবুজ মেরুন ব্রিগেডের সামনে।

শিলংয়ের কনকনে ঠান্ডা আর ম্যাচের আগে হওয়া মুষলধারায় বৃষ্টি ম্যাচের গতি অনেকটাই ধীর করে দিয়েছিল। মাঠের বিভিন্ন প্রান্তে জল জমে থাকার কারণে প্রথমার্ধ থেকেই স্বভাবসিদ্ধ শট কিংবা ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তুলতে দুই দলকেই প্রচণ্ড বেগ পেতে হয়। কোচ পানাজিয়োটিস দিমপেরিসের অধীনে নামা মোহনবাগান দল বল পজেশনে কিছুটা এগিয়ে থাকলেও, নর্থইস্টের উইঙ্গাররা একাধিকবার বিপজ্জনক কাউন্টার অ্যাটাক তৈরি করে সবুজ-মেরুন রক্ষণকে পরীক্ষায় ফেলে। মাঠে একাধিকবার দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও রেফারি বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। দ্বিতীয়ার্ধেও গোলের মুখ খুলতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় ভাগ্যনির্ধারক পেনাল্টি শুটআউটে। এই ম্যাচে মোহনবাগানের হয়ে অভিষেক হয়ে গেল মিজো ফরোয়ার্ড লালিয়ানজোয়ালা ছাঙ্গতে ও ইস্টবেঙ্গল থেকে আসা ব্রাজিল মিডফিল্ডার মিগুয়েলের। এই ম্যাচে নর্থইস্ট দলের অন্যতম সেরা খেলোয়াড় আলাদিন আজারায়কে দারুণভাবে আটকে রেখেছিলেন, মোহনবাগান দলের রাইটব্যাক অভি মিতেই। টাইব্রেকারে স্নায়ুর লড়াইয়ে ম্যাচের আসল নায়ক হয়ে ওঠেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। নর্থইস্টের হয়ে প্রথম তিনটি শটে গোল হলেও চতুর্থ প্রচেষ্টায় রবিন যাদবের বাঁদিকের শট দুর্দান্ত দক্ষতায় নস্যাৎ করেন বিশাল। এরপর শেষ শটে পার্থিব গগৈয়ের নিশ্চিত গোল আটকে দিয়ে স্টেডিয়াম জুড়ে থাকা নর্থইস্ট সমর্থকদের স্তব্ধ করে দেন তিনি। অন্যদিকে, সবুজ-মেরুনের হয়ে ঠান্ডা মাথায় নিখুঁত শটে গোল নিশ্চিত করেন রাহুল ভেকে, অধিনায়ক শুভাশিস বসু, লিস্টন কোলাসো এবং নতুন তারকা জেমি ম্যাকলারেন। এই জয়ের ফলে দু’বছর আগে নর্থইস্টের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার মধুর প্রতিশোধও সম্পন্ন করল কলকাতার এই প্রধান। এবার নজর রবিবারের ফাইনালে, যেখানে ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগানের মুখোমুখি হবে ১৬ বার খেতাব জেতা ইস্টবেঙ্গল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular