প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : চার্চিল ব্রাদার্সে যোগ না দিয়ে, জামশেদপুর এফসি থেকে অনাপত্তিপত্র বা এনওসি নিয়ে সম্পূর্ণ মুক্ত খেলোয়াড় হিসেবে নতুন পছন্দের ক্লাবে যোগ দিতে চান চুক্তিভুক্ত ১২ জন ফুটবলার ও দু’জন কোচ। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার পর জামশেদপুরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অ্যালবিনো গোমস, নিখিল বার্লা, প্রণয় হালদার এবং মহম্মদ সানান সহ চুক্তিবদ্ধ দীর্ঘমেয়াদি ফুটবলাররা।
সেখানে দূর থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধান কোচ ওয়েন কয়েল এবং সহকারী কোচ আলেকজান্ডার ‘স্যান্ডি’ স্টিউয়ার্ট। তাঁদের স্পষ্ট দাবি, যেহেতু তাঁরা জামশেদপুরের সাথে চুক্তিবদ্ধ ছিলেন, তাই ক্লাব তুলে দেওয়া হলেও ইন্টার-ক্লাব চুক্তির মাধ্যমে তাঁদের জোর করে চার্চিল ব্রাদার্সে পাঠানো যাবে না। এই বিষয়ে জামশেদপুর এফসি কর্তারাও সহমর্মিতা দেখিয়েছেন এবং আগামী ৩১ আগস্টের মধ্যেই ফুটবলারদের ছাড়পত্র প্রদান করার বার্তা দিয়েছেন, যাতে তাঁরা নিজেদের পছন্দের স্বাধীন দলে সই করতে পারেন। মাত্র ১০০ টাকায় জামশেদপুরের স্বত্ত্ব কিনে চার্চিল আইএসএলে আসার সুযোগ পেলেও, তাদের বর্তমান পরিচালনা কাঠামো নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন খেলোয়াড়রা।
ভারতীয় ফুটবলের বর্তমান আর্থিক পরিস্থিতিতে চার্চিল কর্তৃপক্ষ কতটা দ্রুত বিনিয়োগকারী আনতে পারবে বা খেলোয়াড়দের পূর্বের মতো সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেবে, তা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে। এমনকি সঠিক সময়ে বেতন পাওয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে, যার দরুন সবদিক পর্যালোচনা করে সম্পূর্ণ স্বাধীন ভাবেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর সকলেই।
