প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : আইপিএলের আগামী মরশুম শুরুর আগেই এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে সিএসকে। দলটির দীর্ঘদিনের বিশ্বস্ত কাণ্ডারী স্টিফেন ফ্লেমিং দায়িত্ব ছেড়ে দেওয়ার পর।
নতুন প্রধান কোচ হিসেবে ভারতের প্রাক্তন কিংবদন্তি পেসার জাহির খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ। ২০০৯ সাল থেকে ২০২৬ মরশুম পর্যন্ত সিএসকে-র কোচের পদে থাকা ফ্লেমিং ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিতে পদত্যাগ করায় এই শূন্যতা তৈরি হয়েছিল, যার অবসান ঘটিয়ে প্রথম কোনো ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে চেন্নাইয়ের হেড কোচের গুরুদায়িত্ব গ্রহণ করলেন জাহির।
আপাতত ২০২৭ মরশুম পর্যন্ত ধোনিদের কোচ হিসেবে চুক্তি সই করা এই বাঁহাতি পেসার খেলোয়াড় জীবনে ১০০টি আইপিএল ম্যাচে ১০২টি উইকেট নেওয়ার অনন্য নজির গড়েছেন। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস এবং ২০২৫ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে সফলভাবে দায়িত্ব সামলালেও, আইপিএলে প্রধান কোচ হিসেবে এটিই হতে চলেছে তাঁর জীবনের প্রথম পরীক্ষা।
সিএসকে তে যোগ দিয়ে জ়াহির জানিয়েছেন যে আইপিএলের সবচেয়ে সফল দলের অংশ হতে পারা অত্যন্ত সম্মানের এবং চিপকের অসাধারণ সমর্থকদের সামনে এই নতুন ভূমিকা শুরু করতে তিনি মুখিয়ে আছেন। অন্যদিকে সিএসকের পক্ষে রূপা গুরুনাথ এবং ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথন স্পষ্ট জানান যে, জাহিরের বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ার, অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক এবং তরুণ পেসারদের গড়ে তোলার অসাধারণ দক্ষতা আগামী দিনে সিএসকের মূল ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
