ময়দান আপডেট: আইপিএলের চূড়ান্ত মহড়ায় ব্যস্ত সব দলই। ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে একাধিকবার ভালো সাফল্য দেখালেও, ট্রফি জয় অধরাই থেকে গেছে দিল্লির। নাম বদলেছে কিন্তু ভাগ্য বদলায় নি। প্রথম আইপিএল অভিযান তারা শুরু করেছিল Delhi Daredevils নামে। 2008 থেকে 2018 পর্যন্ত তারা আইপিএল খেলে এই নামেই। তবে ২০১৯ সালে নামের বদল করে এই ফ্রাঞ্চাইজির নতুন নাম হয় দিল্লি ক্যাপিটালস। আইপিএলে তাদের দলের এখনও পর্যন্ত সর্বোচ্চ সাফল্য বলতে ২০২০ সালে তারা একবার ফাইনাল খেলেছিল। তবে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে রানার্স হয় দিল্লি। এছাড়া ২০১২, ২০১৯ ও ২০২১ তারা আইপিএলের প্লে-অফে ওঠে। গত মরসুমে তারা আইপিএলে গ্রুপ পর্বে শেষ করে পাঁচ নম্বরে। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত তারা লিগ টেবিলে একদম শেষের দিকে খারাপ ফলাফল করে শেষ করে।

তবে এবার আইপিএলে একঝাঁক ভালো ক্রিকেটারদের নিলামে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৩১ বছর বয়সি কিউয়ি তারকা ফাস্ট বোলার কাইল জেমিসনকে এবার ২ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। পাশাপাশি সাউথ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগেডিকেও এবার দেখা যাবে দিল্লির জার্সিতে। তাকেও ২ কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে দিল্লি। এবার দিল্লির পেস বোলিং বিভাগে অন্যতম সেরা অস্ত্র হতে চলেছে জম্মু-কাশ্মীরের ভারতীয় তারকা ফাস্ট বোলার আকিব নবি দার। সদ্য সমাপ্ত হওয়া রঞ্জি ট্রফিতে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছেন তিনি। আকিব নবির বোলিং দাপটে ভর করে এবার প্রথমবার রঞ্জি জয়ের স্বাদ পেয়েছে জম্মু-কাশ্মীর। রঞ্জির এবারের মরসুমে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার পাশাপাশি রঞ্জির ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন আকিব নবি। তাঁকে এবার ৮ কোটি ৪০ লক্ষ টাকার চড়া দরে দলে নিয়েছে দিল্লি। ফলে দিল্লির পেস বোলিং বিভাগ যথেষ্ট আকর্ষনীয় হতে চলেছে। পাশাপাশি শ্রীলঙ্কার ডানহাতি টপ অর্ডার ব্যাটার পাথুম নিশাঙ্কাকে ৪ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালসের দলে এবার দেখা যাবে ইংল্যান্ডের বাঁ-হাতি ব্যাটার তথা উইকেটকিপার বেন ডাকেটকে। তাঁকে ২ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। এছাড়াও এবার দিল্লির ব্যাটিং বিভাগে ঝড় তুলতে আসছেন প্রোটিয়ান অভিজ্ঞ বাঁ-হাতি মিডিল অর্ডার ব্যাটার ডেভিড মিলার। তাঁকেও ২ কোটি টাকায় কিনেছে ক্যাপিটালস।

এছাড়াও দিল্লির দলে তো রয়েছেনই আগের মরসুম থেকে একাধিক তারকারা। যেমন অধিনায়ক অক্ষর প্যাটেল, কেএল রাহুল, করুন নায়ার, বাংলার উইকেটকিপার অভিষেক পোড়েল, বাংলার দলের পেসার মুকেশ কুমার, কুলদীপ যাদব সহ একাধিক ভারতীয় ক্রিকেটাররা। পাশাপাশি দুই বিদেশী ক্রিকেটার ট্রিসটন স্ট্রাবস ও মিচেল স্টাকস। যদিও অস্ট্রেলিয়ার দেশের টুর্নামেন্ট থাকায় স্টাকসের দিল্লির দলে যোগ দিতে কিছুটা দেরি হবে বলেই জানা গিয়েছে।

এবার দিল্লি ক্যাপিটালস তাদের আইপিএল অভিযান শুরু করছে আগামী ১ এপ্রিল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে লখনউ-এর ঘরের মাঠে। পাশাপাশি তাদের দ্বিতীয় ম্যাচ ৪ এপ্রিল নিজেদের ঘরের মাঠে ফিরোসা কোটলায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর ৮ এপ্রিল কোটলায় হোম ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ফলে এখন দেখার এবার একাধিক তারকাখচিত দল গঠন করে কতটা সাফল্য দেখাতে পারে ক্যাপিটালস।
