ময়দান আপডেট: আইপিএলের ইতিহাসটা পঞ্জাব কিংসের জন্য খুব একটা মধুর না হলেও, ২০১৪ সালে ফাইনাল খেলার পর ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, আবারও গত মরসুমে ২০২৫ সালে দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে ওঠে কিংস। কিন্তু ২০২৫ সালেও ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ পঞ্জাব কিংসের। ফাইনালে বিরাট কোহলির আরসিবির কাছে ৬ রানে হেরে রার্নাস হয়েই খুশি থাকতে হয় শ্রেয়স আইয়ারের পঞ্জাবকে। এছাড়া ২০০৮ সালে আইপিএলের সেমিফাইনালে ওঠে কিংস। তবে বাকি প্রতিবারই আইপিএলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পঞ্জাব কিংস। ফলে সেভাবে বড় সাফল্য এখনও তাদের দখলে নেই।

এবার ২০২৬ সালে ফের আইপিএলের ফাইনালে ওঠার এবং ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া শ্রেয়স আইয়ারের দল। তারা আইপিএলের সফর শুরু করছে ৩১ মার্চ নিউ চন্ডিগড়ে নিজেদের ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তাদের দ্বিতীয় ম্যাচ ৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ের ঘরের মাঠে চিপকে। এরপর ৬ এপ্রিল শ্রেয়স আইয়ারের দল কলকাতায় ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
এবার একাধিক তারকাখচিত দল দিল্লির! প্রথমবার ট্রফি জিততে মরিয়া ক্যাপিটালস
আসন্ন আইপিএলের নিলামেও বিশেষ কোনও চমক দিতে পারেনি পঞ্জাব কিংস। তাদের দলে নেওয়া হয়েছে ৩১ বছর বয়সি অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার James Dwarshuis কে। তাকে পঞ্জাব কিনেছে ৪ কোটি ৪০ লক্ষ টাকায়। এছাড়াও দলে নিয়েছে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার কপার কনওলেকে। এছাড়া দলে নেওয়া হয়েছে প্রবীন দুবে, বিশাল নিশাদ,মুশির খানদের মতো কিছু ভারতীয় ক্রিকেটারদের। পাশাপাশি গত মরসুমের যে সমস্ত তারকা ক্রিকেটাররা দলে রয়েছেন তারা হলেন, অধিনায়ক শ্রেয়স আইয়ার, ভারতীয় দলের তারকা পেসার আর্শদীপ সিং, স্পিনার যুগবেন্দ্র চাহাল, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং এর মতো ভারতীয় ক্রিকেটাররা। বিদেশীদের মধ্যে রয়েছেন-মার্কোস স্টয়নিস, মার্কো জনসন,লকি ফার্গুসন, আফগান ব্যাটার তথা মিডিয়াম পেসার আজমাতুল্লা উমরজাইদের মতো ক্রিকেটাররা। এদের মধ্যে লকি ফার্গুসনকে আইপিএল মরসুমের শুরুতে পঞ্জাব দলে দেখা যাবে না। কারণ তিনি তাঁর সদ্যজাত সন্তান ও পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে চান।ফলে খুব একটা তারকার সমাহার তাদের দলে নেই, তার মধ্যে লকি ফার্গুসনও শুরুতে না থাকায় বেশ কিছুটা চাপের মধ্যে থেকেই আইপিএলে লড়াই শুরু করতে চলেছে পঞ্জাব।
