ময়দান আপডেট: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই ফুটবল জ্বরে কাঁপতে প্রস্তুত গোটা বিশ্ব। চারবছরের অপেক্ষার পর আবারও বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ ফিফা ওয়াল্ড কাপ ২০২৬ শুরু হতে চলেছে। কানাডা, মেক্সিকো ও ইউনাইটেড স্টেটস তিনটি দেশ এবার যৌথভাবে আয়োজন করছে ফুটবল বিশ্বকাপ। ১৬ টি শহরে ৪৮ টি দেশ ফুটবল বিশ্বকাপে লড়াই করবে। ৪৮ টি দেশকে ভাগ করা হয়েছে ১২ টি গ্রুপে। প্রত্যেক গ্রুপে অংশ নেবে ৪টি করে দল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফিফা বিশ্বকাপ। গতবার চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছিল মেসির হাত ধরে আর্জেন্টিনা। এবার আবারও মেসির হাতে বিশ্বকাপ দেখার স্বপ্ন লিও ভক্তদের। তবে এবার সাফল্য ছিনিয়ে নিতে মরিয়া সিআর সেভেনের পতুর্গাল থেকে সাম্বা বাহিনী কিংবা জার্মান, স্প্যানিসরা। ইতিমধ্যেই বিশ্বকাপ ঘিরে কাউন্টডাউন শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের সমর্থকরা। আবারও রাত জেগে প্রিয় দলের জন্য গলা ফাটানো থেকে শুরু করে পোস্টার-ব্যানারে সেজে উঠবে ভারতেরও বিভিন্ন শহর।

তবে এবারও বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার ছাড়পত্র পাওয়া থেকে বঞ্চিতই রয়ে গেল একদা বিশ্ব ফুটবলে দাপিয়ে রাজ করা ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে (FIFA World Cup 2026) খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি। প্লেঅফ পর্বের শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে পরাস্ত হল আজ্জুরিরা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দল শেষবার বিশ্বকাপে খেলেছিল ২০১৪ সালে। তারপর ইউরো কাপ জিতেছে। কিন্তু বিশ্বকাপে আর খেলা হয়নি। এবার বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। জেনারো গাতুসোর প্রশিক্ষণাধীন দল টাইব্রেকারে হারল ১-৪ গোলে। ম্যাচ জিতে বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করলেন এডিন জেকোরারা।

অন্যদিকে ফুটবল বিশ্বকাপের আগে বিশ্বযুদ্ধের আবহ ইউরোপ, আমেরিকা থেকে এশিয়ার বিভিন্ন দেশজুড়ে। ফলে বর্তমান পরিস্থিতি যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে ফিফার। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। আর এই পরিস্থিতিতে বিশ্বকাপে (FIFA World Cup 2026) আমেরিকায় খেলতে না যাওয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান। অবশেষে সেই নিয়ে মুখ খুলল ফিফা। ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাফ বার্তা, যুদ্ধ পরিস্থিতিতেও আমেরিকাতে গিয়েই খেলতে হবে ইরানকে। অন্যদিকে ইরান না খেললে যাদের বিকল্প বলে ভাবা হচ্ছিল, সেই ইরাকও বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে। বলিভিয়াকে হারিয়ে ৪৮ তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল ইরাক। ফলে এখন দেখার ফিফার চাপের মুখে পড়ে আমেরিকায় খেলতে যেতে সম্মতি জানায় কিনা ইরান! তবে ইরান না খেললে বিকল্প দেশ কারা হবে সেই নিয়েই পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে ফিফাকে তা বলাই যায়।
প্রতিপক্ষ রিয়াল কাশ্মীরকে সমীহ করলেও, ৩ পয়েন্ট পেতে মরিয়া কিবু ভিকুনা
