Wednesday, April 15, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলচেন্নাই ম্যাচে বড় ব্যবধানে জিতলেই পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে আসতে পারে...

চেন্নাই ম্যাচে বড় ব্যবধানে জিতলেই পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে আসতে পারে ইস্টবেঙ্গল! প্রত্যয়ী অস্কার

চেন্নাই ম্যাচে ইস্টবেঙ্গল যদি জয় লাভ করে তাহলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্টের বিচারে তারা ছুঁয়ে ফেলতে পারে মোহনবাগান, জামশেদপুর ও ব্যাঙ্গালুরুকে। কারণ মুম্বই বনাম জামশেদপুর ম্যাচে যদি জামশেদপুর হেরে যায় তাহলে জামশেদপুর ১৪ পয়েন্টেই থেকে যাবে।

ময়দান আপডেট: চলতি আইএসএলে ইস্টবেঙ্গল ভালো ছন্দে শুরু করলেও, মাঝে তাল কেটে গিয়ে কিছুটা হতাশ করেছে সমর্থকদের। মরসুমের শুরুতেই প্রথম দুই ম্যাচে নর্থ-ইস্ট এবং স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় লাভ করে গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে এরপর তৃতীয় ম্যাচে ২-১ গোলে জামশেদপুর এফসির কাছে হেরে ব্যাকফুটে চলে যায় ইস্টবেঙ্গল। এরপর এফসি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং কেরালার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেও ১-১ গোলে হেরে সমর্থকদের চরম সমালোচনার মুখে পড়েন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। তবে নিজেদের ষষ্ঠ ম্যাচে নিজেদের ঘরের মাঠে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৭-০ গোলের বিরাট ব্যবধানে জয় লাভ করে সমর্থকদের মুখে কিছুটা হাসি ফোটান লাল-হলুদ ফুটবলাররা। ফলে বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচ খেলে ৩ টি জয়, ২ টি ড্র ও একটি ম্যাচে হেরে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১১। তারা রয়েছে পঞ্চম স্থানে।

ইস্টবেঙ্গলের পরের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। আগামী ১১ তারিখ চেন্নাইয়ের ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ৯ তারিখ চেন্নাই উড়ে যাবে লাল-হলুদ বাহিনী। ফিফা ইন্টারন্যাশনাল বিরতির কারণে ১০ দিনের বেশি সময় আইএসএল বন্ধ ছিল। আবারও আইএসএল শুরু হয়েছে। খেলা বন্ধ থাকলেও, যুবভারতী প্রাকটিস গ্রাউন্ডে নিজেদের অনুশীলন জারি রেখেছিল ইস্টবেঙ্গল। কোচ অস্কারের নেতৃত্বে প্রতিদিনই বিকেলে অনুশীলন সেরেছেন দলের ফুটবলাররা। আর অনুশীলনে বেশ চনমনে মেজাজে দেখা যায় ইস্টবেঙ্গল দলকে। চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন কেভিন সিব্বিলে। যা একদিকে যখন ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর, তখন অন্যদিকে চোটের কবলে পড়েছেন লাল-হলুদের তারকা বিদেশী ফুটবলার মহম্মদ রশিদ। প্রাকটিসে চোট পেয়েছেন তিনি। তার জেরে কিছুটা চিন্তা বেড়েছে দলে। চোট সারিয়ে উঠতে কয়েকদিন সময় লাগতে পারে। সুতরাং মনে করা হচ্ছে আগামী ১১ তারিখ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে হয়তো দেখা যাবে না রশিদকে। তবে দলের অন্যান্য ফুটবলাররা সম্পূর্ন ফিট রয়েছেন। গত কয়েকদিন ক্লোজ ডোর অনুশীলন করে চেন্নাইয়ের মাটিতে লড়াইয়ের জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল।

অপরদিকে চেন্নাইয়ান এফসি চলতি আইএসএলে চূড়ান্ত ব্যাকফুটে। দল গঠনে খুব একটা বেশি সময় না পাওয়ায় এবং প্রি-সিশন সঠিক ভাবে করতে না পারায় দলের ফলাফল আশানুরূপ হয়নি। ৬ ম্যাচ খেলে চেন্নাই মাত্র একটি ম্যাচ জিতেছে, ২টি ড্র, ৩ টি ম্যাচ হেরেছে। ৫ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলে ১১ নম্বরে। আর ফিফা বিরতির পর আইএসএল শুরু হওয়ার পরেই প্রথম ম্যাচে, মঙ্গলবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ইন্টার কাশির কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে চেন্নাই। যা ইস্টবেঙ্গল ম্যাচের আগে তাদের চিন্তা আরও বাড়াল। অন্যদিকে ইন্টার কাশির কাছে চেন্নাইয়ের হার, চেন্নাই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের মনোবল আরও বাড়াল তা বলা যেতেই পারে। পাশাপাশি এবারের আইএসএলে এখনও পর্যন্ত ৭ টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ইস্টবেঙ্গলের ইউসুফ হিজ্জেজারি ও মোহনবাগানের জেমি ম্যাকলারেন! ফলে এখন দেখার চেন্নাই ম্যাচেই ম্যাকলারেনের গোলকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারেন কিনা লাল-হলুদের তারকা বিদেশী দুর্দান্ত ফর্মে থাকা ইউসুফ হিজ্জেজারি ?

তবে চেন্নাই ম্যাচে ইস্টবেঙ্গল যদি জয় লাভ করে তাহলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্টের বিচারে তারা ছুঁয়ে ফেলতে পারে মোহনবাগান, জামশেদপুর ও ব্যাঙ্গালুরুকে। কারণ মুম্বই বনাম জামশেদপুর ম্যাচে যদি জামশেদপুর হেরে যায় তাহলে জামশেদপুর ১৪ পয়েন্টেই থেকে যাবে। শুধুমাত্র তাই নয় এই ম্যাচে ইস্টবেঙ্গল ভালো ব্যবধানে জয় লাভ করলে, তারা গোল পার্থক্যে অন্য তিন দলের থেকে এগিয়ে থাকায়, ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে আসতে পারে ! কারণ বর্তমানে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল ১২, মোহনবাগান ১১। ফলে চেন্নাই ম্যাচ আইএসএলে আবারও ইস্টবেঙ্গলকে ভালো অবস্থানে পৌঁছে দিতে পারে। 

বৃহস্পতিবার মুম্বই বনাম জামশেদপুর ম্যাচে অনেকটাই ভাগ্য নির্ভর করবে লিগে মোহনবাগানের!

  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular