ময়দান আপডেট: গতবারের আইপিএলের ব্যর্থতা থেকেও এবারও যে বেরিয়ে আসতে পারে নি কেকেআর , তা একদম স্পষ্ট বুঝতে পারছেন নাইট রাইডার্স সমর্থকরা। কারণ এখনও পর্যন্ত চলতি আইপিএলে চূড়ান্ত ব্যর্থতার মধ্যে দিয়েই চলছে নাইটদের। প্রথম দুই ম্যাচে প্রথমে মুম্বইয়ের ঘরের মাঠে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার। আর এরপর নিজেদের ঘরের মাঠেই ইডেনে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানের বড় ব্যবধানে হার! তবে তৃতীয় ম্যাচে সোমবার ইডেনে পঞ্জাব কিংসের কাছে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় হয়তো ১ পয়েন্ট ভাগ্যে জুটেছে নাইটদের। না হলে হয়তো ওই ম্যাচেও ২ পয়েন্ট হারিয়ে হারের হ্যাটট্রিক করার লজ্জ্বার নজির গড়ত কেকেআর! কারণ সোমবার পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রথম দুই ওভারেই ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিনের দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে নাইটরা।

কেকেআর এবার নিজেদের চতুর্থ ম্যাচও হোম খেলবে ঘরের মাঠে ইডেনে বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্টস। যে লখনউ এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে প্রথম ম্যাচে দিল্লির কাছে ৬ উইকেটে হারের পর, নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে থ্রিলার লড়াইয়ে শেষ ওভার পর্যন্ত খেলে ৫ উইকেটে জয় লাভ করে। দুর্দান্ত বোলিং উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেন মহম্মদ শামি। তিনি ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন। পাশাপাশি অধিনায়ক ঋষভ পন্থ ৫০ বলে ৬৮ রানের অপরাজিত একটা দুর্দান্ত ইনিংস খেলেন দলের জয়ের জন্য। আর পয়েন্ট টেবিলে ২ ম্যাচ খেলে ১টি জয়, ও একটি ম্যাচ হেরে ২ পয়েন্ট নিয়ে লখনউ রয়েছে সাত নম্বরে। অন্যদিকে নাইটরা তিন ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে রয়েছে আট নম্বরে। ফলে সাত বনাম আট নম্বর দলের লড়াই।

তবে নাইটদের হোমে খেলা হলেও, কেকেআরের বোলিং বিভাগ যথেষ্ট চিন্তায় রাখছে দলকে। কারণ নাইটদের বোলিং বিভাগে যে যথেষ্ট সমস্যা রয়েছে তা বেশ বুঝতে পারছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পঞ্জাব ম্যাচ দেখতে হর্ষিত রানা ইডেনে উপস্থিত থাকলেও, তিনি সম্পূর্ণ চোট সারিয়ে মাঠে ফিরতে আরও কয়েকটা দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এবারের আইপিএলের নিলামে ১৮ কোটি টাকার চড়া দরে কেনা নাইটদের তারকা বিদেশী পেসার শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) ভারতে আসার রাস্তা আটকে দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ১৮ কোটির পেসারকে এখনও খেলার ছাড়পত্র দেয়নি তাঁর দেশের বোর্ড। ফলে কবে তিনি নাইট শিবিরে যোগ দেবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। কারণ তাঁর এখনও ইনজুরি রয়েছে। ইনজুরি পরীক্ষায় ফিট সার্টিফিকেট পেলেই ভারতে আসতে পারবেন তিনি। প্রথমে অনুমান করা হয়েছিল পাথিরানা এপ্রিলের মাঝামাঝি দলের সঙ্গে যোগ দিতে পারেন। এর পরের পরীক্ষা আগামী সপ্তাহে। সেই পরীক্ষায় শ্রীলঙ্কার পেসার পাস করলে ছাড়পত্র পাবেন। সেক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে নাইট শিবিরে দেখা যেতে পারে পাথিরানাকে। পেস বিভাগের কেকেআরের ভরসা তুলনায় ‘অনভিজ্ঞ’ ব্লেসিং মুজারাবানি ও কার্তিক ত্যাগী।

পাশাপাশি দলের ব্যাটিং বিভাগও খুব একটা মন ভরাতে পারছে না। কারণ আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার ক্যামরন গ্রিনের থেকে এখনও পর্যন্ত বড় কোনও সাফল্য পায়নি কেকেআর। রাহানেও খুব একটা ছন্দে নেই মনে হচ্ছে। শেষ ম্যাচে দ্রুত আউট হয়ে ফিরে যান ফিন অ্য়ালেন। ফলে একমাত্র অংকৃশ রঘুবংশিকে অনেকটাই আকর্ষণীয় দেখাচ্ছে। অপরদিকে ঋষভ পন্থ-মহম্মদ শামি-আদিন মার্করামরা অনেকটাই ভালো ছন্দে রয়েছেন। তার মধ্যে ইডেন কার্যত শামির হোম গ্রাউন্ড, ফলে ইডেনের উইকেট সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল শামি। সেই সুবিধা অবশ্যই কাজে লাগাবে সঞ্জীব গোয়েঙ্কার দল। অপরদিকে আবহাওয়া দফতরের পূর্বভাস অনুসারে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত! ফলে পঞ্জাব ম্যাচের মতো কলকাতার আবহাওয়া প্রতিকূল থাকলে, নতুন করে সমস্যায় পড়তে পারে নাইট বাহিনী। ফলে হোম ম্যাচ হলেও, লখনউ ম্যাচের আগে যথেষ্ট চিন্তায় কেকেআর।
কলকাতায় বরুণ দেবের দাপটে, পঞ্জাবের বিরুদ্ধে প্রথম পয়েন্ট পেয়ে স্বস্তি নাইটদের!
